বুধবার, অক্টোবর ৭, ২০২৬

স ঙ্গী তা ক র

  • কবি
  • ২০২৫-০৪-১৮ ০০:২৩:৪১

কেউ বলে এই সেই নিরো 
পুড়ে যাওয়া সাম্রাজ্যে বসে বাঁশি বাজাতে পারেন 
এমন নিষ্ঠুর প্রাণ??
নিজের ঘরে দু মুঠো অন্ন নেই 
শূন্য হাঁড়িতে নেংটি ইঁদুর লাফালাফি করে 
অর্ধ পোশাকে শিশুটি ঘুরে বেড়ায় উঠোনময়  
লোকটি সেদিকে খেয়াল না রেখে নিজের ভাবনায় মগ্ন থাকেন
এমন নির্লিপ্ত কি মানুষ হতে পারে??

কেউ বলে উনি নাস্তিক 
উনার গাল ভর্তি দাড়ি, লম্বা চুল, টুপিহীন মাথা, কাঁধে ঝোলানো ব্যাগ 
কোনো ধর্মের পরিচয় রাখতে পারে না, 
লোকটি নিজ দেশে বসে ব্যথিত হন ফিলিস্তিনিদের জন্য 
উনার কি নিজস্ব কোনো দেশ নেই?

কেউ বলে সত্যিই উনার কোনো দেশ নেই 
কোটরাগত দুটো চোখে বিশ্বের স্বপ্ন আঁকা
এও কি সম্ভব??

কেউ বলে উনি পরশুরাম 
উনার হৃদয় অতি কঠিন 
সেখানে ভয় নেই, আঘাতের পরোয়া নেই
নিঃসংকোচে সর্বহারাদের কথা লেখেন 
অবলীলায় সত্যি কথাটা তুলে ধরেন। 

কেউ বলেন উনি দধীচি 
সবার জন্য বিলিয়ে দিতে পারেন নিজেকে 
উনার অন্তর আলোকবর্ষের বেগে ধেয়ে চলে 
পৃথিবীর এক প্রান্ত থেকে অপর প্রান্তে।

না, না উনি শুধু মানুষ হতে পারেন না 
তাহলে ভয় থাকত, নিজস্ব যন্ত্রনা থাকতো, 
নিজস্ব ধর্ম থাকতো, নিজের দেশ থাকতো
উনি মানুষের থেকে অন্যরকম 
হয়তো বা বেশি কিছু
হয়তো বা আরও অনেক বেশি কিছু।


এ জাতীয় আরো খবর