বুধবার, অক্টোবর ৭, ২০২৬

বৈশাখী

  • দীধিতি চক্রবর্তী
  • ২০২৫-০৪-১৭ ১৩:৫৪:০৬

বৈশাখে তার জন্ম, পাড়া বৈশাখী নাম রাখে , 
স্বভাব মেয়ের ঠান্ডা তবু সে নামেতেই ডাকে । 
গাঁয়ের পরে এক গাঁ ফেলে ভাই গেছে ইস্কুলে,
ছোট্ট দিদি ভাইয়ের খোঁজে ছুটছে তপ্ত আলে   

ছুটছে মেয়ে নগ্ন পায়ে আগুন আগুন মাঠ 
সঙ্গী হয়ে জড়িয়ে আছে খসটানো লাল স্কার্ট । 
ঝাঁ ঝাঁ রোদে ঝিমিয়ে গেছে নরম ঝুমকো লতা, 
আগুন মাটি পোড়াচ্ছে খুব পায়ের কচি পাতা । 

সে তাপ তাকে থামিয়ে দেবে ,স্বভাব তেমন নয় , 
মায়ের বুকে ব্যথার প্রকোপ,মায়ের বুকে ভয় । 
ভাইটি বাদে 'ছ' জন তারা,সবাই  
ভায়ের দিদি,
সেও আজ থাকতো দূরে,ভাঙ্গতোনা 
বিয়ে যদি । 

দশ এগারোয়  সব দিদিরাই বিদেয় হয়ে গেছে, 
আইবুড়ো নাম ঢেকে গেছে সাদা থানের নীচে , 
বাপ মরেছে বছর তিনেক,লেগেছে ভাতে টান, 
বৈশাখী তাই খাটিয়ে গতর করছে সমাধান ।

অভাব ওদের শান্তি না দিক দিয়েছে নিরিবিলি,
নাছোড় ব্যথাই হঠাৎ হঠাৎ শোনায় দু চার কলি।
মায়ের পাশে বসে মেয়ে,মিলায় মায়ের শ্বাসে 
মা যে কেবল ভাইকে খোঁজে নিঃশ্বাসে প্রশ্বাসে । 

তাই বেচারি তপ্ত পথে রোদের ধারায় ভিজে 
কষ্ট বুকে ভায়ের খোঁজে যাচ্ছে ছুটে নিজে । 

হঠাৎ পথে.....

নন্দখুড়ো শুধিয়ে খবর,  মাথায় রাখেন হাত । 
শুষ্ক মেয়ের চোখের জলে ভিজতে থাকে মাঠ । 
বৈশাখীরা কষ্ট পেলে ধূমায় আগুন অন্তরে , 
ভরসা ভরা হাত ছোঁয়ালে আষাঢ় নামে চোখ ভরে ।


এ জাতীয় আরো খবর