বিগত দিনগুলো ছিল আমাদের স্বপ্ন রঙিন
পাকা ধানের ম-ম গন্ধে ভরে থাকতো সারা গ্রাম
এখন কত কী যে আছে শুধু বৈশাখ স্বপ্নহীন
বসন্ত যায় বৈশাখ আসে ভুলে যাই প্রিয় নাম।
অসময়ে কালবোশেখি এলে দুলে উঠতো মন
কাঁচা আমের প্রত্যাশা ছিল কচি মনের ভেতর
আগলে কী আর রাখতে পারে মায়াবী গৃহকোণ !
কত যে কাম্য ছিল সেই উতলা বাতাসের স্বর।
এমন বৈশাখে তোমাকেই ছিল বেশি প্রয়োজন
আসতে ওই পাড়া হতে করাঙ্গী নদী হয়ে পার
কী যে ভালো লাগতো এই নিসর্গ নিঝুম নির্জন।
মনে ছিল শৈশবেই কত ভাব তোমার আমার।
এখনো বৈশাখ আসে প্রতিটি বছর তুমিহীন
পৃথিবীর রূপ নেই আর --- মনটাও পরাধীন।