বুধবার, আগস্ট ১৯, ২০২৬

স ঙ্গী তা ক র

  • বিদায়
  • ২০২৫-০৪-১৪ ০০:৩৫:৪৮

নদীর তীরে দাঁড়িয়ে তাকে বললাম 
এই উৎসের কাছে তুমি যেমন তেমনিই প্রাণবন্ত আর চঞ্চল থেকো
সে ছলাৎ ছলাৎ শব্দে যেতে যেতে মোহনা দেখালো 
গতিহারা, ছন্দ হারা। 

নবীন পলিমাটিকে বললাম তোমার এই নরম, নরম রূপ বড্ড প্রিয় 
তুমি এমনই থেকো আমার জন্য 
সে হেসে বললো তবে জীবাশ্ম পাবে কোথায়? 
আমার বুক শক্ত না হলে তাকে যে ধরে রাখা দায়।

আমি গাছের পাতার দিকে তাকালাম 
তাকে বললাম তুমি অন্তত থাকো আমার জন্য এমনই চিরসবুজ হয়ে 
বৃক্ষ পুরোনো পাতাটি ঝরিয়ে দিয়ে প্রশ্ন করলো 
তাহলে অতিরিক্ত রেচন ক্রিয়া চলবে কি করে?

শেষে চৈত্রের দিকে তাকালাম
দেখলাম রুক্ষ প্রকৃতিতে এক ঝাঁক প্রত্যাশা ছড়ানো 
তাকে বললাম প্রতিশ্রুতি পূরণ না করে তুমি চলে যাচ্ছো যে?
সে বিষন্ন মুখে ক্যালেন্ডার দেখিয়ে বললো 
দেখো বৈশাখ দাঁড়িয়ে সামনে। 

আমি মাথা নিচু করলাম 
সবাইকে যেতে হয় 
সময় হলে সবাই চলে যায়।


এ জাতীয় আরো খবর