আজ ৩ এপ্রিল খ্যাতিমান অভিনেত্রি, রাজনীতিবিদ, সংস্কৃতি কর্মী রোকেয়া প্রাচীর জন্মদিন। তিনি বিচরণ করছেন মঞ্চ, টিভি নাটক আর জীবনধর্মী চলচ্চিত্র জগতে।
১৯৮৯ সালে 'আরণ্যক' নাট্যদলে যোগদানের মাধ্যমে অভিনয় জীবন শুরু হয় রোকেয়া প্রাচীর।
এরপর ১৯৯৭ সালে বাংলাদেশ টেলিভিশনে ‘জয় পরাজয়’ এ অভিনয়ের মধ্য দিয়ে টিভি পর্দায় কাজ শুরু করেন তিনি।
ছোট পর্দায় অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্রেও দর্শক নন্দিত রোকেয়া প্রাচী। ১৯৯৮ সালে ‘দুখাই’য়ে অভিনয়ের জন্য সেরা পার্শ্ব-অভিনেত্রি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
শুধু অভিনয় নয়, তার পাশাপাশি রাজনীতির সঙ্গেও জড়িত রোকেয়া। বিভিন্ন সামাজিক রাজনৈতিক ইস্যুতে অনেক আগে থেকেই তাঁকে প্রায়ই রাজপথে পাওয়া যায়।
জাতীয় স্বার্থ বিকিয়ে গ্যাস-তেল-খনিজ বিজাতীয়দের হাতে তুলে দেয়ার প্রতিবাদে যেমন তাঁকে রাজপথে দেখা গেছে, তেমনি খুঁজে পাওয়া গেছে দ্রব্যমূল্য বৃদ্ধির প্রতিবাদে বিক্ষোভ মিছিলে।
কখনো স্লোগানে মুখর হয়েছেন নিরাপদ সড়কের দাবিতে, আবার কখনো বিদেশি সংস্কৃতির আগ্রাসন রোধে হাতে হাত রেখে নেতৃত্ব দিয়েছেন মানববন্ধন গড়ে তুলতে।
সবসময়ই গণমানুষের অধিকার আদায়ের লড়াইয়ে যোগ দিয়েছেন এই অভিনেত্রি।
রাজনৈতিক জীবনের ঠিক এ সময়ে এসে দেশে জঙ্গিবাদের বিরুদ্ধে সামাজিক আন্দোলনেও জড়িত ছিলেন রোকেয়া প্রাচী।
রোকেয়া প্রাচীর শৈশব কাটে ফেনীর সোনাগাজী ও ঢাকার মিরপুরে। তিনি ঢাকার আইডিয়াল মডেল উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক ও পরে লালমাটিয়া কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করেন।
বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ডের সম্মানিত সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।
আজকের এই দিনটিতে তাঁর জন্য রইল শুভ কামনা।