ভালবেসে আমি সব করতে পারি।
ভালোবেসে আমি বদলে দিতে পারি তথাকথিত দূরত্বের সংজ্ঞা
আমি ভেবে নেব মাথার উপরের ওই নীল আকাশটা আমার একটুকরো ছাদ
এর মাঝেই কোথাও আমি আছি,কোথাও সেও আছে,
দূরে নয় তো!
কাছে, একেবারেই কাছে।
ভালবেসে আমি বদলে দিতে পারি মানুষের নৈকট্য সংক্রান্ত ভ্রান্ত ধারনাও।
শুধু ছুঁতে পারলেই বুঝি কাছে থাকা হয়?
শুধু চুম্বনে চুম্বনে অধরোষ্ঠ সিক্ত হলেই কি ভালবাসা হয়?
নিকটে আসবার তার আছে কি খুব দরকার?
যে আছে বুকের গহীন ভেতর ?
দিন মাস বছর গুনে কি অপেক্ষা হয়?
আমার কাছে তো আজকাল সহস্রবছরও তিন দিন মনে হয়।
সে বলেছে পথ না চেয়ে থাকতে,
এই পথ ফুরোবার কোন পথ নেই
তাকে কি করে বোঝাই প্রেম সে তো হয়,
পথহীন পথেই !
আমাকে দেবার না কি কিছুই নেই তার
কাঁচের দু গাছা চুড়ি ছাড়া কিই বা চেয়েছিলাম আর?
থাক,ভালবাসলে কিছু পেতেই হবে এই আশা তবে
ভালোবেসেই বিসর্জন দিলাম
ভালবেসে আমি সব করতে পারি
আজ থেকে তাই তাকে ভালবেসে,তাকে ভালবাসাই ছেড়ে দিলাম...