জম্মু-কাশ্মীর রাজ্যের বিধানসভা জম্মু ও কাশ্মীরের বিশেষ মর্যাদা পুনর্বহালের দাবিতে গত কয়েক দিন ধরেই উত্তপ্ত। জম্মু-কাশ্মীরের আগের মর্যাদা ফিরে পেতে একটি নতুন রেজ্যুলুশন উত্থাপনকে কেন্দ্র করেই এই পরিস্থিতির সৃষ্ঠি হয়। এনিয়ে বিজেপির সাথে ন্যাশনাল কনফারেন্স পার্টির সমর্থকদের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে।
সরকারপক্ষের পেশ করা প্রস্তাবটি গত বুধবার কণ্ঠভোটে গৃহীত হয়। এতে সরাসরি ৩৭০ অনুচ্ছেদের উল্লেখ যদিও ছিল না। কিন্তু আগের দিন সংবিধানের ৩৭০ ও ৩৫ (ক) অনুচ্ছেদ পুনঃস্থাপনের দাবি জানিয়ে পিডিপির পক্ষ থেকে একটি প্রস্তাব তোলার চেষ্টা হয়েছিল। স্পিকার যদিও সেটি খারিজ করে দেন।
সরকারি প্রস্তাবে বলা হয়েছে, বিশেষ মর্যাদা ফেরানোর জন্য কেন্দ্র অবিলম্বে নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে আলোচনা শুরু করুক। কারণ, সংবিধান প্রদত্ত বিশেষ মর্যাদা কেন্দ্রীয় সরকার খারিজ করেছে রাজ্যের মানুষের সঙ্গে আলোচনা না করে। বিশেষ মর্যাদা ফেরানোর কথা নির্বাচনী প্রচারের সময়েই উপত্যকার দলগুলো নিজেদের মতো করে তুলেছিল।
ন্যাশনাল কনফারেন্স (এনসি) সরাসরি সেই মর্যাদা ফেরানোর দাবি না জানালেও তাদের পেশ করা প্রস্তাবে বলা হয়, মানুষ যে ওই সিদ্ধান্ত অনুমোদন করেনি, তা ভোটের রায়েই স্পষ্ট। অতএব, সরকার জনপ্রতিনিধিদের সঙ্গে মর্যাদা ফেরানো নিয়ে কথাবার্তা শুরু করুক।
গতকাল বৃহস্পতিবার অনুরূপ প্রস্তাব পেশের চেষ্টা করেন আওয়ামি ইত্তেহাদ পার্টির সদস্য শেখ খুরশিদ, পিডিপির ওয়াহিদ পারা ও পিপলস কনফারেন্স নেতা সাজ্জাদ লোন। তারা ওই দাবি লেখা পোস্টার ও ব্যানার নিয়ে সভাকক্ষের ওয়েলেও নেমে আসেন। বিজেপি সদস্যরা তাদের বাধা দেওয়ার চেষ্টা করলে দুই পক্ষে হাতাহাতির হয়।
স্পিকার বিজেপি ও স্বতন্ত্র সদস্যদের সভা থেকে বের করে দেওয়ার নির্দেশ দেন মার্শালদের। এর কিছুক্ষণ পর বিজেপির অন্য সদস্যরা ওয়াকআউট করেন।