এপাড়ে তার একটা ঘর, তাতে ফর্দ বোঝাই অভাব আছে, রাগ বিরাগের ভাব আছে।
আলতো শাড়ির ভাঁজ আছে, লজ্জা কাতর ঠোঁট আছে,
একটা সকাল বেলকুনিতে দুঃখ সুখের দোল আছে।
রোজ বিকেলে ফুটছে ফুল, হচ্ছে তবু মন মলিন
একটা দুপুর কোথায় উধাও, ধুপ ছায়ার ঐ ধোঁয়ায় মিশে রঙিন ঘুড়ি মাঝ আকাশে।
হঠাৎ দেখে এপাড়ে তার একটা ঘর,
তাতে স্মৃতি আছে, বছর একুশ দিচ্ছে পাড়ি মুচকি হেসে গা ভাসিয়ে।
এপাড়ে তার একটা ঘর, তাতে রাগ-অভিমান ঝড় আছে, থমকে যাওয়ার লাজ আছে,
তপ্ত পোড়া দাগ আছে, সেই আগুনের ছাপ আছে।
ঘরের ভেতর ঘর আছে, নিত্যদিনের টান আছে।
মনের মাঝে বাঁক আছে, বৃষ্টিবিলাস নুয়ে পড়া মেহেদী পাতার সুখ আছে।
ফাগুনরাঙা আকাশ যেমন মেহেদী পাতার সুখ ছড়ায়
একটা ঘরে থাকছি তেমন যুগল জীবন আশকারায় ।