বুধবার, আগস্ট ১৯, ২০২৬

মো. দেলোয়ার হোসেন

  • বাউল
  • ২০২৪-১০-২৪ ২৩:৩৭:৩৮

সুর ভেসে আসে বাউলের
আঠারবেঁকি নদীতে ঢেউ ওঠে সেই সুরের মাতমে
সুর মধুমতি-ভৈরব হয়ে রূপসার ঘাটে নাও ভিড়ায়
মিশে যায় ধানক্ষেতে। 
খানজাহান পীরের ঘোড়দৌড় দিঘির নির্জন কষ্টগুলো 
অলস কুম্ভীরচোখে হয়ে যায় মেঘের ঘুড়ি
কতকাল হলো দিঘির একলা ডাহুক জলকেলি আহ্লাদ ভুলে 
বিজয় সরকারের 'পোষা পাখি উড়ে যাবে' গায়!
মিলন-বিরহ অনুতাপ 
ইহকাল-পরকাল-পরবাস ভৈরবী লহরীতে সুরের মোহে নাচে
জীবন-যৌবন সব হয়ে যায় নদী।
নারী ঘাসফড়িং প্রকৃতির সবুজ জমিন
লালনের আত্মা হয়ে অহরহ হাসে! 
 

 


এ জাতীয় আরো খবর