চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় ট্রলি চাপায় খাইরুল ইসলাম(৩২) নামে রিক্সাভ্যানযাত্রী এক কৃষক নিহত হয়েছে। তিনি শিবগঞ্জের দাইপুকুরিয়া ইউনিয়নের পারএখলাসপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে। পুলিশ জানায়, বুধবার (২অক্টোবর) সকাল সাড়ে ৯টার দিকে বাড়ি থেকে ব্যাটারিচালিত ভ্যানযোগে শিবগঞ্জের কানসাট বাজার যাচ্ছিল খাইরুল। পথিমধ্যে শিবগঞ্জের মোবারকপুর ইউনিয়নের পুসকনি নামক স্থানে সড়কে হঠাৎ ভ্যানের চাকা ভেঙ্গে খাইরুল সড়কে পড়ে যান। এ সময় পেছন থেকে আসা একটি ট্রাক্টর-ট্রলি খাইরুলকে চাপা দিলে তিনি ঘটনাস্থলে আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর ট্রলিটি পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) সাইফুল ইসলাম বলেন, পুলিশ মরদেহ উদ্ধারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ শেষে আবেদনের প্রেক্ষিতে পরিবারের নিকট হস্তান্তর করেছে। এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে।