চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর ও শিবগঞ্জ উপজেলা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) পৃথক অভিযানে ৩৭০ বোতল বিভিন্ন প্রকার ভারতীয় নেশার সিরাপ ও ৩৯ বোতল বিদেশী মদ জব্দ করেছে। তবে এসব অভিযানে কেউ আটক হয় নি। মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা থেকে দিবাগত গভীর রাত পর্যন্ত অভিযানগুলো চালানো হয়।
বিজিবি জানায়,মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে (১৮ নভেম্বর) জহুরপুর বিওপির একটি টহলদল সদরের নারায়নপুর ইউনিয়নের কালুপুর গ্রামে অভিযান চালায়। অভিযানে ১০০ বোতল এক্সাফ সিরাপ জব্দ হয়। এর আগে মঙ্গলবার রাত ১০টার দিকে ফতেপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জের দূর্লভপুর ইউনিয়নের গাইপাড়া গ্রামে অভিযান চালিয়ে ৫৩ বোতল চকোপ্লাস সিরাপ ও ৩৯ বোতল মদ জব্দ করে। এর আগে মঙ্গলবার সন্ধ্যা ৬টার দিকে মাসুদপুর বিওপির একটি টহলদল শিবগঞ্জের মনাকষা ইউনিয়নের চৌধুরী স্মরণী গ্রামে অভিযান চালিয়ে ২১৭ বোতল এস্কাফ সিরাপ জব্দ করে।
বুধবার দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ব্যাটালিয়নের(৫৩বিজিবি) অধিনায়ক লে.কর্নেল রকিব আহমেদ অভিযানগুলো নিশ্চিত করেন। তিনি বলেন, গোপন খবরের ভিত্তিতে অভিযানগুলো চালানো হয়। জব্দ মাদকদ্রব্যের বাজার মূল্য প্রায় ২ লক্ষ ৬ হাজার ৫০০ টাকা। জব্দ মাদকদ্রব্যগুলো সংম্লিস্ট থানায় জমা করা হয়েছে। যে কোন চোরাচালান প্রতিরোধে বিজিবি সীমান্তে সার্বক্ষনিক নজরদারি বহাল রেখেছে বলেও জানান অধিনায়ক রাকিব।