চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জ শহরপ্রান্তে পুরাতন মহানন্দা সেতুর (বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু) টোল আদায়কে কেন্দ্র করে ছাত্র-জনতার সাথে টোল আদায়কারীদের সংঘর্ষ,মারমারি,টোলপ্লাজায় অগ্নিসংযোগ ও ভাংচুরের ঘটনা ঘটেছে। এ সময় ঘটনাস্থলে তুলকালাম কান্ডের সৃষ্টি হয়। এতে দু’পেক্ষর একজন করে অন্তত: দু’জন আহতের ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্র জানায়,বুধবার(২ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে ঘটনা শুরুর পর সেতুতে যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কে সৃষ্টি হয় দীর্ঘ যানজট। সন্ধ্যায় পুলিশ ও সেনা সদস্যদের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলে ঘন্টারও বেশি সময় পর সেতুতে যান চলাচল আবার শুরু হয়।
অভিযোগ পাওয়া গেছে, বিকেলে মোটরসাইকেলে সেতুর ওপারে সদর উপজেলার বারঘরিয়ায় অবস্থিত চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনিষ্টিটিউট যাবার সময় ওই প্রতিষ্ঠানের এক শিক্ষার্থীকে মারধর করে টোল আদায়কারীরা। এতে ওই শিক্ষার্থী আহত হন। সৃষ্টি হয় উত্তেজনা। এ ঘটনার পর ওই শিক্ষার্থী প্রতিষ্ঠানে খবর দিলে শতশত শিক্ষার্থী ও জনতা টোলপ্লাজা আক্রমন করে। অগ্নিসংযোগ ও ভাঙচুর করা হয় টোলপ্লাজা। ঘটনার পর অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে চেষ্টা করে। ফায়ার সার্ভিস কর্মীরা গিয়ে কাজ শুরু করে। পরে সেনাবাহিনী যাবার পর সকলপক্ষের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণ হয়। রাতে প্রশাসনের উর্ধতণ কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। সেতুতে কর্মরত সদর থানার উপ-পরিদর্শক(এসআই) মোসাব্বির আহমেদ বলেন, এ ঘটনায় পরবর্তী পদক্ষেপ প্রক্রিয়াধীণ।
বিভিন্ন সূত্রে জানা গেছে, সেতুতে টোল আদায়কে কেন্দ্র করে প্রায়ই ঝামেলা ঘটে। সড়ক ও জনপথ বিভাগ থেকে ইজারা নিয়ে সেতুর ইজারাদারের টোল আদায়কারীদের সাথে বিশেষ করে দুই ও তিন চাকার চালকদের বাক-বিতন্ডা লেগেই থাকে। অন্য সকল গাড়িতে সমস্যা না হলেও মোটরসাইকেল ও তিনচাকার বিভিন্ন যানবাহনের সাথে এ ঝামেলা নিত্যদিনের। দুই ও তিন চাকার চালকরা ৫ থেকে ১০টাকার টোল আদায় বাতিলের দাবি করে আসছেন বহুদিন থেকেই। শিক্ষার্থী ও স্থানীয়দের এ ব্যাপারে সমর্থন রয়েছে। কিন্তু এ ব্যাপারে কর্তৃপক্ষ কখনও কোন স্থায়ী পদক্ষেপ নেয় নি। বারবার সৃষ্ট সমস্যা হালকা ও অস্পষ্টভাবে মিমাংসা করা হয়। গত ৫ আগষ্ট সাবেক সরকারের পতনের পর ছাত্র-জনতা একবার টোল আদায় সম্পূর্ণ বন্ধ করে দেয়। কিছুদিন আদায় বন্ধ থাকার পর আবারও আদায় শুরু হয়।