বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

বাকেরগঞ্জে কলেজ দখল করে দোকান নির্মাণ করায় শিক্ষার্থীদের ক্ষোভ

  • নিজস্ব প্রতিবেদক:
  • ২০২৪-১০-০১ ২৩:৩৩:১৩

বরিশালের বাকেরগঞ্জ সরকারি কলেজের জমি দখল করে দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করেছে প্রভাবশালীরা। বিষয়টি নিয়ে চাপা ক্ষোভ বিরাজ করছে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মাঝে। ধারণা করা হচ্ছে এই ক্ষোভ যে কোন সময় বিক্ষোভে রুপ নিতে পারে। ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানের সীমানায় বসানো প্রায় শতাধিক দোকানে বিক্রি হয় চা, পা, বিড়ি , সিগারেটসহ তামাকজাত পণ্য। 
কথিত গরীব ও অসহায় মানুষের নাম ব্যবহার করে দোকান প্রতি এককালীন ৫০ হাজার টাকা করে  চক্রটি মোট হাতিয়ে নিয়েছে প্রায় অর্ধ কোটি টাকা। এছাড়াও প্রতিটি দোকান থেকে মাসে ভাড়া বাবদ আদায় করা হয় ৩ হাজার টাকা। 
অভিযোগ রয়েছে দখলদার নেতারা এলাকায় এতোটাই প্রভাবশালী ছিলো যে,দোকান নির্মাণকালে কলেজ কর্তৃপক্ষ, সড়ক বিভাগ, উপজেলা প্রশাসন, সুশীল সমাজের প্রতিনিধি কেউ কোন কথা বলতে পারেনি। 
রাজনৈতিক দল গণঅধিকার পরিষদ এবং অরাজনৈতিক সংগঠন গর্বের বাকেরগঞ্জের সদস্য সচিব মো: সজল মাহমুদ বলেন, শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে দোকান বসিয়ে ভাড়া দিয়েছে একটি রাজনৈতিক দলের নেতা কর্মীরা। কলেজের জমি, প্রধান সড়ক এবং ফুটপাত দখল করার ফলে তীব্র যানজট সৃষ্টির পাশাপাশি ব্যাহত হচ্ছে শিক্ষার পরিবেশ। 
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে বাকেরগঞ্জ উপজেলা প্রশাসনসহ বিভিন্ন স্থানে অভিযোগ করেও কোন প্রতিকার পাওয়া যায়নি। আগামী ১ সপ্তাহের মধ্যে অবৈধ স্থাপনা উচ্ছেদ করা না হলে কঠোর অবস্থান যাবে ছাত্র সমাজ। 
মো: শাওন খান নামের সাবেক শিক্ষার্থী বলেন, আমার প্রিয় বিদ্যাপীঠ দখল করে বসানো হয়েছে চা, পান, বিড়ি ও সিগারেটের ও গাড়ির কাউন্টার। এটা কি মগের মুল্লুক যে কলেজের জমি দখল করে দোকান বসিয়ে ভাড়া আদায় করবে। আমরা কোন নীতি কথা শুনতে চাই না দ্রুত এই স্থাপনা উচ্ছেদ করা না হলে কঠোর আন্দোলন করা হবে।
এ বিষয় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাইফুর রহমান বলেন, ঐতিহ্যবাহী একটি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের জমি দখল করে দোকান বা ব্যবসা প্রতিষ্ঠান নির্মাণ করা সম্পূর্ণ বেআইনি। বিষয়টি নিয়ে বাকেরগঞ্জ পৌরসভা মাইকিং করে  সতর্ক বার্তা দিয়েছিলো কিন্তু তার পরেও কেউ কথা শোনেনি। এখন যদি কলেজ কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসন বরাবর অভিযোগ করে তাহলে আমরা যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করতে পারবো।


এ জাতীয় আরো খবর