ফুলবাড়ীগেট প্রতিনিধি ঃ বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক (সিএজি) ও এর অধীন তিন হিসাব সার্কেল সিজিএ, সিজিডিএফ, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক (অর্থ) এবং ১৭টি অডিট অধিদপ্তরের অডিটররা বেতন বৈষম্য নিরসন ও ১০ম গ্রেড বাস্তবায়নের দাবীতে সারাদেশে কর্মবিরতি ও অবস্থান কর্মসূচি পালন করছেন। অডিটরদের ১০ম গ্রেডের দাবীর প্রেক্ষিতে ২৩/১২/২০১৮ খ্রি: তারিখ থেকে রিট পিটিশন ৯৩৯৯/২০১৫ এর রায়ের যারা রিট মামলার পক্ষভুক্ত হয়েছিলেন অর্থাৎ ৬১ জন কে ১০ম গ্রেডে বেতন দেওয়া হয়। গত ১১/০৯/২০২৪ খ্রি: তারিখের অর্থ মন্ত্রণালয়, প্রশাসন ও সমন্বয় অনুবিভাগ, প্রশাসন-২ অধিশাখার ৩৯১ নং স্মারকের মাধ্যমে কনটেম্প পিটিশন নং-৭৫৯/২০১৯, ২৬৪/২০২১ এর রায়ের পুনরায় মোট ৬৮১ জন কে ১০ম গ্রেড এর পত্র জারি করেন যা অডিটরদের মাঝে আরও বৈষম্য তৈরি করেছে। সংবিধানের অনুচ্ছেদ ১০৮ অনুসারে সুপ্রীমকোর্ট কোনো বিষয়ে রায় দিলে (রীট পিটিশন, আপীল এবং রিভিউ সংক্রান্ত সকল প্রক্রিয়া শেষে) অনুরূপ ক্ষেত্রে উক্ত রায় বাস্তবায়নের বাধ্যবাধকতা রয়েছে। সিএজি কার্যালয় ও এর অধীন দপ্তরসমূহের অডিটর পদের বেতন গ্রেড ১১তম থেকে ১০ম গ্রেডে উন্নীত করার জন্য সিএজি কার্যালয় হতে যে পত্র অর্থ মন্ত্রণালয় প্রেরণ করা হয়েছে উক্ত পত্রে আইন মন্ত্রণালয়ের মাননীয় উপদেষ্টা জনাব ড. আসিফ নজরুল এ বিষয়ে ১০ম গ্রেডের পক্ষে মতামত দিয়েছেন। অদৃশ্য কারণে অর্থ মন্ত্রণালয়ের ব্যয় ব্যবস্থাপনা বিভাগ সেটি বাস্তবায়ন করছে না।
ডিসিএ খুলনা কার্যালয়ের নন-ক্যাডার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দগণ বলেন, এই রায় বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। আন্দোলন চলমান অবস্থায় সরকারি দপ্তরসমূহে যাবতীয় বেতন ও ভাতাদি পরিশোধে বিলম্ব হলে এক্ষেত্রে অডিট এন্ড একাউন্টস বিভাগের প্রতিষ্ঠান হিসেবে ডিসিএ, খুলনার নন-ক্যাডার কর্মচারী ও কর্মকর্তাগণ দায়ী থাকবে না।