বৃহস্পতিবার, জুন ২৫, ২০২৬

শ র ৎ কু মা র মু খো পা ধ্যা য়

  • নালিশ
  • ২০২৪-০৭-২৯ ১৯:৩৪:৫৯

তখনও ট্রেনের কিছু দেরি আছে দেখে
আমি বিরক্ত
মিথ্যে এতো ছুটোছুটি
রিকশাওয়ালাটার কাছে খুচরো পয়সা নেওয়াই হলো না।
তখনও ট্রেনের কিছু দেরি ছিলো তাই আমি 'মাষ্টার মাষ্টার,
নালিশ লেখার খাতা দাও'- বলে তার আপিশে ঢুকেছি।
বিশাল খাতার মধ্যে দ্রুত লিখে ফেলি-
'কেন যে ট্রেনেরা রোজ দেরী করে আসে, ক্ষতি হয়।'

শুধু এই ?
শূন্য গ্যালারির মতো রুলটানা প্রকাণ্ড কাগজ
অথচ এসেছে মাত্র কটি মৃদু কথা এক কোণে; 'ক্ষতি হয়!'
ভেবে একটু লজ্জিত হলাম।
আসলে, নালিশ ছিল যথেষ্ট জোরালো
রেলকর্তৃপক্ষ কিংবা বিধাতা, সমাজ , রাজনীতি
জীবিকা , বন্ধুত্ব- সব কিছুর বিরুদ্ধে ছিল বিষম বিক্ষোভ।

অথচ কলম খুললে হিংসা চলে যায় । মনে হয়
ক্ষতি যা হবার তা - তো হয়ে গেছে, ক্ষতি হল খুব,
নষ্ট সময়ের স্তূপ ভেঙ্গে তবু শব্দ আসে তার,
একেবারে না- আসার চেয়ে সে কি ভালো নয় !
বিশাল খাতাটা পড়ে থাকে--
দেরি করে যে এসেছে, ইচ্ছে করে ভালোবাসি তাকে।


এ জাতীয় আরো খবর