চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে ৬৬০ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় বজলুর রহমান(৫৮) নামে এক ব্যাক্তিকে যাবজ্জীবন কারাদন্ড,পঞ্চাশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও দুই বছর বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। বৃহস্পতিবার (৪জুলাই) দুপুওে চাঁপাইনবাবগঞ্জের সিনিয়র দায়রা জজ মোহা: আদীব আলী একমাত্র আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন। দন্ডিত বজলুর জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের নতুন উনিশবিঘী গ্রামের মৃত সৈয়ব আলীর ছেলে।
মামলার বিবরণ ও আদালত সূত্রে জানা গেছে এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী(পিপি) নাজমুল আজম বলেন, ২০২১ সালের ৬ মার্চ ভোররাতে শিবগঞ্জের কানসাট বিশ^নাথপুর এলাকায় চাঁপাইনবাবগঞ্জ র্যাব ক্যাম্পের অভিযানে ছয়শত ষাট গ্রাম হেরোইনসহ হাতেনাতে গ্রেপ্তার হয় বজলু। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় বজলুকে একমাত্র আসামী করে মামলা করেন র্যাবের তৎকালীর উপ-পরিদর্শক (এসআই) তারিফুল ইসলাম। ২০২১ সালের ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা(এসআই) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম আসামী বজলুকে একমাত্র অভিযুক্ত করে আদালতে চার্জশীট দাখিল করেন। ৭ জনের সাক্ষ্য, প্রমাণ ও শুনানী শেষে আদালত বৃহস্পতিবার বজলুকে দোষি সাব্যস্ত করে সাজা প্রদান করেন। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এড.রফিকুল ইসলাম টিপু।