বৃহস্পতিবার, নভেম্বর ১৯, ২০২৬

কৃষিকাজের আড়ালে মাদক ব্যবসা,আদা ও মরিচ গাছের নীচে পোঁতা ২ কোটি টাকার হেরোইনসহ কারবারি গ্রেপ্তার

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৪-০৬-২৬ ১৫:১৩:৪৯

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের  সদর উপজেলার চরবাগডাঙ্গা ইউনিয়নে সীমান্তবর্তী পদ্মার দূর্গম চর এলাকা চাঁদপুরে অভিযান চালিয়ে প্রায় ২ কোটি টাকা মূল্যের ১ কেজি ৭৬০ গ্রাম হেরোইনসহ মো: আলমগীর(৪৫) নামে চিহ্নিত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাব। আলমগীর ওই এলাকার মঞ্জুর আলীর ছেলে। জব্দ হেরোইন অভিনব কায়দায় বেগুন ও মরিচ গাছের নীচে ২ ফুট মাটির গভীরে একটি কৌটায় পুরে রাখা ছিল।
র‌্যাব জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত মঙ্গলবার(২৫জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অভিযানটি চালানো হয়। র‌্যাব আরও জানায়, গ্রেপ্তার কারবারি কৃষিকাজে জড়িত। তবে তার দূর্গম এলাকায় হবার সূযোগে সে দীর্ঘদিন যাবৎ’ আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে কৃষিকাজের আড়ালে হেরোইন, ফেনসিডিলসহ বিভিন্ন প্রকার মাদকদ্রব্য সীমান্তবর্তী অজ্ঞাত স্থান হতে সংগ্রহ করে চাঁপাইনবাবগঞ্জ ও রাজশাহীর মাদক কারবারিদের নিকট সরবরাহ করে আসছিল।
বুধবার(২৬জুন) সকাল সাড়ে ১০টায় র‌্যাব-৫ থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, পদ্মার চরে নিজ বসতবাড়িতে  এক মাদক কারবারি বিক্রির জন্য মাদকদ্রব্য মজুদ রেখেছে এমন খবরে  র‌্যাবের গোয়েন্দা দল তার গতিবিধি নজরে রাখে। এরই ধারবাহিকতার গত মঙ্গলবার সন্ধ্যায় ওই মাদক কারবারি আলমগীরকে প্রথমে তার বাড়ি থেকে আটক করা হয়। পরে তার বসত বাড়ির আঙ্গিনায় আবাদকৃত বেগুন ও মরিচ ক্ষেতের ভেতর মাটি খুঁড়ে ওই হেরোইন উদ্ধার হয়। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় মামলা হয়েছে। 


এ জাতীয় আরো খবর