শনিবার, অক্টোবর ৩, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন কারবারির যাবজ্জীবন

  • জাকির হোসেন পিংকু
  • ২০২৪-০৬-২৫ ২২:১০:০০

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জে নয়শত পঞ্চাশ গ্রাম হেরোইন বিক্রির উদ্দেশ্যে নিজ হেফাজতে রাখার অভিযোগে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত একটি মামলায় রুহুল আমীন(৩৮) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদন্ড, দশ হাজার টাকা অর্থদন্ড অনাদায়ে আরও তিনমাস বিনাশ্রম কারাদন্ডের আদেশ দিয়েছেন আদালত। রুহুল জেলার শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুর ইউনিয়নের সোনামসজিদ শিয়ালমারা গ্রামের মৃত সাদেকুল ইসলামের ছেলে। মঙ্গলবার(২৫মে) বিকালে চাঁপাইনবাবগঞ্জের  অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো: রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে আদেশ প্রদান করেন।
মামলার বিবরণ ও আদালত  সূত্রে জানা যায় এবং রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি রবিউল ইসলাম রবু বলেন,২০২১ সালের ২১ সেপ্টেম্বর ভোররাতে শাহাবাজপুর ইউনিয়নের বালিয়াদীঘি গ্রামের দারাসবাড়ি মসজিদ এলাকায় সীমান্ত সড়কে টহলের সময় বিজিবি’র হাতে ৯৫০ গ্রাম হেরোইনসহ গ্রেপ্তার হয় রুহুল। এ সময় তার সাথে থাকা তিনজন পালিয়ে যায়। এ ঘটনায় ওইদিন শিবগঞ্জ থানায় ৪ জনকে আসামী করে মামলা করেন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর ব্যাটালিয়নের(৫৯বিজিবি) সোনামসজিদ বিওপির হাবিলদার আব্দুল আলিম।
২০২১ সালের ২২ অক্টোবর  শুধু রুহুলকে অভিযুক্ত ও অপর তিনজনকে অব্যহতি দিয়ে আদালতে চার্জশীট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা(আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম। ৯ জনের সাক্ষ্য,প্রমাণ ও শুনানী শেষে আদালত মঙ্গলবার রুহুলকে দোষি সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। আসামীপক্ষে মামলা পরিচালনা করেন এড.আনোয়ার সাদাত।   


এ জাতীয় আরো খবর