শনিবার (৩০শে মার্চ) ইসরাইলি এক ব্যক্তিকে অস্ত্র সরবরাহের সন্দেহে মালয়েশিয়া থেকে এক দম্পতিসহ তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
দেশটির পুলিশ জানিয়েছে, কুয়ালালামপুর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
মালয়েশিয়া পুলিশের মহাপরিদর্শক রাজরুদিন হোসেন জানান, এক বিবাহিত দম্পতিসহ তিন মালয়েশিয়ানকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদের জন্য সাত দিন রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
৩৬ বছর বয়সী এক সন্দেহভাজনের কাছে ছয়টি হ্যান্ডগান এবং ২শ’ রাউন্ড গুলি ছিল। ১২ই মার্চ সংযুক্ত আরব আমিরাত থেকে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরে আসেন তিনি। পুলিশের জিজ্ঞাসাবাদে সন্দেহভাজন ব্যক্তি একটি ইসরাইলি পাসপোর্ট বের করেছেন।
সন্দেহভাজন ব্যক্তি কর্তৃপক্ষকে বলেন, পারিবারিক বিরোধের জের ধরে অন্য ইসরাইলি নাগরিককে খুঁজে বের করতে মালয়েশিয়ায় এসেছেন।
রাজারুদিন বলেন, আমরা তার কথা বিশ্বাস করি না। কারণ তার অন্য কোনও অ্যাজেন্ডা থাকতে পারে। এই ঘটনার পর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম এবং অন্যান্য উচ্চ-পর্যায়ের ব্যক্তিত্বদের জন্য নিরাপত্তা জোরদার করে সতর্কতা জারি করা হয়েছে।