সোমবার, অক্টোবর ২৬, ২০২৬

কু মা র দী প

  • ভোর হচ্ছে
  • ২০২৪-০৩-২৬ ২২:৩০:৩৮

একটু পরেই সোনার রেকাব হাতে 
পৃথিবীর ঈশ্বর এসে দাঁড়াবেন পুব-আকাশে;
আলোয় হেসে উঠবে সবুজ পাতারা
রূপের হ্যাঙারে ফুটে উঠবে লাল-হলুদ ফুল,
গেয়ে উঠবে প্রিয় পাখি; অম্ল-মধুর ভুল।
আমি যাবো না।
ডোবাও 
        ভাসাও
               কাঁদাও
                       হাসাও
পুনঃ পুনঃ পোড়াও যদি দুখের জতুবনে
তবু আমি যাবো না;
যেতে চাই না 
তোমাদের ওই-- অজানা আমন্ত্রণে !
ভোর হচ্ছে
সোনার রেকাব হাতে উঠে আসছেন ঈশ্বর
একটু পরে, সোনালি আলোয়
হেসে উঠবে পৃথিবী;
জানালায় চোখ
রাতবৃষ্টিতে ধুয়ে যাওয়া নারকেল পাতাগুলো
সারি সারি রুপো হয়ে জ্বলছে ! আর
আমার বুকের ভেতরে দুলে উঠছে 
মাধবীলতার মতো জ্যোৎস্নার হার ! 
আমি যাবো না।
অনন্ত স্বর্গ চাই না
এই দুঃখ-সুখের পৃথিবীতে 
ভিখিরির মতো হেঁটে যেতে চাই আরও কিছু পথ;
ফিরতে চাই আরও কিছু বিষণ্ন সন্ধ্যায়;
আরও কিছু দুঃখময় রাত কাটিয়ে যেতে চাই
এমন সোনায় মোড়ানো ভোরের অপেক্ষায়।

 


এ জাতীয় আরো খবর