ফটিকছড়িতে নদীর পাড় কাটায় কারাদণ্ড, ২টি ড্রাম ট্রাক জব্দ
- হাসান মেহেদী:
-
২০২৪-০৩-০১ ২১:২৩:২৭
- Print
চট্টগ্রামের ফটিকছড়িতে হালদা নদীর পাড়ের মাটি কাটার অপরাধে একজনকে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এসময় ঘটনাস্থল থেকে দুটি ড্রাম ট্রাক জব্দ করা হয়।
আজ (শুক্রবার) সকাল ৮টার দিকে উপজেলার সুয়াবিল ইউনিয়নের এক কুলিয়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোজাম্মেল হক চৌধুরী।
সূত্র জানায়, হালদা পাড়ের মাটি কেটে নিয়ে যাওয়ার সময় ফটিকছড়ি থানা পুলিশের সহযোগিতায় নদীর পাড়ের মাটি কাটার সাথে জড়িত ফজলে আমিনকে গ্রেফতার করা হয়। তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত। ফজলে আমিন পশ্চিম সুয়াবিল এলাকার জালাল আহমেদের পুত্র।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার মো. মোজাম্মেল হক সকালের আলোকে বলেন, হালদা পাড়ের মাটি কাটার সময় হাতেনাতে একজনকে আটক করে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এসময় ২টি ড্রাম ট্রাক জব্দ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।