বৃহস্পতিবার, আগস্ট ২০, ২০২৬

শা হী ন সু ল তা না

  • আয়না
  • ২০২৪-০২-০৬ ২৩:৪৬:৩৭

অথচ আমি শুধিয়েছিলাম তোমাকে-
নেবে আমায় ? 
তুমি ভেবে নাও কোন অরণ্যকে
 আর  আমায় দেখিয়ে দিলে পথ,
পথের সামনেই পথ রুদ্ধ করে
 দাঁড়িয়ে ছিল  বন।
তুমি আমার অনুধ্যেয় প্রেম 
তোমার ভিতরেই নিবিড় অতিবাহন -- 
আমি সেই  অরণ্যের  গাছেদের ভিতর
গাছ হয়ে দাঁড়িয়ে  থাকি; 
ক্রমশ অরণ্যানী হয়ে উঠি
 তার আছে  নিজস্ব  গন্ধ,  নিজস্ব রূপ  
আছে  এক মানবিক হৃদপিণ্ড। 
সে  অরণ্য  অনেকটা আয়নার মত, 
 তার সাথে এই আমির  প্রতিদিনের কথা,
আমার অনুসিক্ত মন  নীরবে আত্মস্থ করেছিল তাকে,  
আমি নিজেকে দেখতে পাই 
তার প্রতিবিম্ব রূপে।
একদিন গন্তব্য ভোলার দ্বিধায়  
তুমি এসে  দাঁড়ালে  অরন্যের সম্মুখে, 
কি দেখেছিলে তুমি আয়নায় ?
কোন গেরস্থালি কিংবা অনুগত  মুখ ?
আমার অপেক্ষা  কালের মহাদ্রুম
 আদ্যপান্ত শেকড়, 
তোমার চোখে জলের ঘ্রাণ,
বসে আছো  নিঃস্বের মতন ।

 


এ জাতীয় আরো খবর