রবিবার (৭ জানুয়ারি) দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয়েছে। এজেন্টদের বের করে দেয়া, জাল ভোট, নৌকার সিল দেখিয়ে নৌকায় ভোট দেয়াসহ নানা অভিযোগে ভোট বর্জনের ঘোষণা দিয়েছেন পাবনা-২ আসনের (সুজানগর-বেড়ার একাংশ) বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলনের প্রার্থী কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।দুপুর আড়াইটার দিকে সাংবাদিকদের এ তথ্য জানান নোঙর প্রতীকের প্রার্থী ডলি সায়ন্তনী।
ডলি সায়ন্তনী বলেন, আমি ভোট বর্জন করেছি। এখন প্রেসক্লাবে যাচ্ছি। সংবাদ সম্মেলন করব। কারচুপি হচ্ছে, সুষ্ঠু নির্বাচন হচ্ছে না। আমরা ভেবেছিলাম এবার একটি সুষ্ঠু নির্বাচন হবে, যেহেতু আমাদের সবাইকে সুষ্ঠু নির্বাচনের আশ্বাস দেওয়া হয়েছিল।
এ সময় তিনি পাবনা-২ আসনের নৌকার মনোনীত প্রার্থী আহমেদ ফিরোজ করিরের দিকে অভিযোগের আঙুল তাক করে তিনি বলেন, যেভাবে কারচুপি হচ্ছে, যেভাবে চেয়ারম্যানদের সামনে রেখে ফিরোজ কেন্দ্রে ছেলেপুলে ঢুকিয়ে একচেটিয়া ভোট নিচ্ছেন এখানে তো সুষ্ঠু নির্বাচন আমি আশাই করতে পারি না। সে কারণে আমি ভোট বর্জন করলাম।
এদিকে কারচুপির অভিযোগ এনে দিনের শুরুতেই ভোট বর্জনের আভাস দিয়েছিলেন এ গায়িকা। নিজের ফেসবুক থেকে লাইভে এসে তিনি বলেছিলেন, আমি পাবনা-২ আসনে নির্বাচন করছি। কিন্তু আমি ভোটার হয়েছি ঢাকা থেকে। এ কারণে আমি ভোট দিতে পারছি না। ভোট না দিতে পারলেও কেন্দ্রে কেন্দ্রে নিজের ভক্তদের পাশে থাকার জন্য ভোট কেন্দ্রে উপস্থিত থাকব। সুষ্ঠু ভোট হলে জয়ের পক্ষে নব্বই ভাগ আশাবাদী আমি।
উল্লেখ্য, পাবনা-২ (সুজানগর-আমিনপুর) আসনে নির্বাচন করছেন এ গায়িকা। বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন (বিএনএম) থেকে নোঙর প্রতীকে নির্বাচনে অংশগ্রহণ করেছিলেন তিনি। বিভিন্ন সময় ভোটের মাঠে আলোচনায় ছিলেন এ শিল্পী।