বৃহস্পতিবার সন্ধ্যায় আফ্রিকার সোমালিয়া উপকূলের কাছ থেকে ১৫ ভারতীয় ক্রু সদস্যসহ একটি জাহাজ হাইজ্যাক করা হয়েছে।পণ্যবাহী এই জাহাজটি হাইজ্যাকের শিকার হয়।
সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, লাইবেরিয়ার পতাকাবাহী ‘এমভি লিলা নরফোক’ নামের জাহাজটির হাইজ্যাকের ঘটনায় কড়া নজর রাখছে ভারতীয় নৌবাহিনী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এরই মধ্যে অঞ্চলটিতে যুদ্ধ জাহাজ মোতায়েন করেছে ভারত। জাহাজটি থেকে আসা একটি ‘ডিস্ট্রেস কলের’ ওপর ভিত্তি করে ভারতীয় নৌবাহিনী পরিস্থিতির ওপর নজর রাখা শুরু করে। এরই মধ্যে জাহাজে থাকা ক্রুদের সাথে যোগাযোগ স্থাপিত হয়েছে বলে জানিয়েছে ভারতীয় নেভি।
মূলত লোহিত সাগর, এডেন উপসাগর এবং মধ্য ও উত্তর আরব সাগর বরাবর যে আন্তর্জাতিক বাণিজ্যিক চ্যানেল রয়েছে, সাম্প্রতিক সময়ে সেখানে হামলা ব্যাপকহারে বেড়েছে। একের পর এক বাণিজ্যিক জাহাজ হামলার মুখেও পড়ছে।
গত মাসে, আরব সাগরের কাছে লাইবেরিয়ার পতাকাবাহী ট্যাংকার জাহাজ এমভি কেম প্লুটোতে ড্রোন হামলা হয়। সেই জাহাজটিতেও ২১ জন ভারতীয় ছিলেন ক্রু সদস্য হিসেবে। এছাড়া আরও একটি বাণিজ্যিক তেল ট্যাংকারের ওপরও একই দিনে দক্ষিণ লোহিত সাগরে ড্রোন হামলা হয়।