মূল্যস্ফীতি,জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়,শিক্ষাব্যবস্থার সংকট এবং পুলিশের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইনি সুরক্ষা বাড়ানোর প্রস্তাবের প্রতিবাদে ফ্রান্সজুড়ে আবারও রাজপথে নেমেছেন হাজারো মানুষ। টানা পঞ্চম শনিবারের মতো দেশটির বিভিন্ন শহরে বিক্ষোভ ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আন্দোলনে যুক্ত হয়েছেন শিক্ষার্থী, শ্রমিক সংগঠনের সদস্য, ইয়েলো ভেস্ট আন্দোলনকারী এবং মানবাধিকারকর্মীরা।
বার্তা সংস্থা এএফপির বরাতে জানা গেছে, ইউরোপীয় ইউনিয়নের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ ফ্রান্সে এক মাসের বেশি সময় ধরে উচ্চবিদ্যালয় অবরোধ ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির প্রতিবাদে আন্দোলন চলছে। আগামী বছর দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা। এই নির্বাচনকে সামনে রেখে চলমান সামাজিক অসন্তোষ রাজনৈতিক অঙ্গনেও নতুন মাত্রা যোগ করেছে।
শনিবার রাজধানী প্যারিসের প্লাস দ্য লা রিপাবলিক এলাকায় মূল বিক্ষোভের আয়োজন করা হয়। এ ছাড়া দেশজুড়ে কয়েক ডজন স্থানে সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি পালিত হয়। কর্তৃপক্ষের পূর্বাভাস অনুযায়ী, দেশজুড়ে ৫০ থেকে ৬০টি মিছিল হওয়ার কথা ছিল। পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রায় ৭০ হাজার পুলিশ ও জেন্ডারম সদস্য মোতায়েন করা হয়।
এবারের বিক্ষোভে শুধু মূল্যস্ফীতি বা মজুরি বৃদ্ধির দাবি নয়,শিশুদের নিরাপত্তা এবং পুলিশের ক্ষমতা বাড়ানোর প্রস্তাবিত আইনও বড় ইস্যু হয়ে উঠেছে।
প্যারিসে ইয়েলো ভেস্ট আন্দোলনের কর্মীদের সঙ্গে যোগ দেন উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী, শ্রমিক ইউনিয়ন এবং শিশু অধিকার নিয়ে কাজ করা বিভিন্ন সংগঠনের প্রতিনিধিরা। শিশু ও কিশোর-কিশোরীদের বিরুদ্ধে সহিংসতা এবং যৌন নির্যাতন প্রতিরোধে আরও কার্যকর সুরক্ষাব্যবস্থার দাবিও উঠে আসে।
শিশু অধিকার নিয়ে কাজ করা একটি সংগঠনের প্রতিনিধি ক্লেয়ার বুর্দিয় বলেন, সমাজের সামগ্রিক পরিস্থিতি ভালো নয়। একটি সমস্যাকে অন্যটির চেয়ে বেশি গুরুত্ব দিয়ে দেখার সুযোগ নেই।
বিক্ষোভের অন্যতম প্রধান কারণ পুলিশের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইনি সুরক্ষা বাড়ানোর প্রস্তাব। ফ্রান্সের জাতীয় পরিষদে অনুমোদিত একটি বিলে পুলিশ ও জেন্ডারম সদস্যদের অস্ত্র ব্যবহারের ক্ষেত্রে আইনি বৈধতা অনুমান করার বিধান যুক্ত করার প্রস্তাব করা হয়েছে।
প্রস্তাবটির সমর্থকদের যুক্তি,দায়িত্ব পালনকালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের নিরাপত্তা নিশ্চিত করা এবং দায়িত্ব পালনের সময় তাঁদের আইনি অনিশ্চয়তা কমানো প্রয়োজন।
তবে বিরোধীদের আশঙ্কা, এ ধরনের বিধান কার্যকর হলে পুলিশের অস্ত্র ব্যবহারের ঘটনায় জবাবদিহি নিশ্চিত করা কঠিন হয়ে পড়তে পারে। তাঁদের মতে, এতে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগের যথাযথ তদন্ত বাধাগ্রস্ত হওয়ার ঝুঁকি রয়েছে।
ফ্রান্সের সিনেটের আইনবিষয়ক কমিশন ১০ নভেম্বর প্রস্তাবটি পর্যালোচনা করে। সিনেটের প্রকাশিত আইনগত নথি অনুযায়ী, প্রস্তাবটি ১৯ নভেম্বর সিনেটের পূর্ণাঙ্গ অধিবেশনে আলোচনার জন্য নির্ধারিত রয়েছে। তবে আইনে পরিণত হওয়ার আগে এর আরও সংসদীয় প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
সাম্প্রতিক বিক্ষোভগুলোতে পুলিশের বিরুদ্ধে অতিরিক্ত বলপ্রয়োগের অভিযোগও উঠেছে। আইনজীবী ও অধিকারকর্মীদের অভিযোগ, বিভিন্ন কর্মসূচিতে পুলিশের অভিযানে বিক্ষোভকারীদের কেউ কেউ হাত, পা ও চোখে গুরুতর আঘাত পেয়েছেন।
গত ১৭ অক্টোবরের বিক্ষোভে ব্যাপক সংঘর্ষ, লুটপাট ও সম্পদহানির ঘটনা ঘটে। রয়টার্সের সাম্প্রতিক এক পর্যালোচনায় বলা হয়েছে, ওই সহিংসতার পর পুলিশি পদক্ষেপ, গ্রেপ্তার এবং বিক্ষোভকারীদের আহত হওয়ার ঘটনা নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। পুলিশের বিরুদ্ধে বলপ্রয়োগের অভিযোগ তদন্তে একাধিক অনুসন্ধানও চলছে।
তবে কর্তৃপক্ষের বক্তব্য, সহিংসতা ও জননিরাপত্তার ঝুঁকি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হচ্ছে। ফলে পুলিশের দায়িত্ব পালনের অধিকার এবং নাগরিকের শান্তিপূর্ণ প্রতিবাদের অধিকার-দুইয়ের মধ্যে ভারসাম্য নিয়ে বিতর্ক আরও জোরালো হয়েছে।
কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী,গত শনিবার ফ্রান্সজুড়ে বিক্ষোভে প্রায় ১ লাখ ৪৬ হাজার মানুষ অংশ নিয়েছিলেন। আগের কয়েক সপ্তাহের তুলনায় এই সংখ্যা ছিল কম। তবে গত ৫ নভেম্বর শ্রমিক ইউনিয়নগুলোর ডাকা দেশব্যাপী ধর্মঘট ও বিক্ষোভে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে ৫ লাখ ৭৫ হাজার মানুষ অংশ নেন। শ্রমিক সংগঠনগুলোর দাবি ছিল, অংশগ্রহণকারীর সংখ্যা আরও বেশি।
আন্দোলনকারীদের মধ্যে ক্লান্তি তৈরি হলেও ক্ষোভ কমেনি বলে জানিয়েছেন শ্রমিক ইউনিয়ন সিজিটির প্রতিনিধি কার্ল গাজি। তাঁর মতে, দেড় মাস ধরে চলা আন্দোলনে অংশগ্রহণকারীদের মধ্যে ক্লান্তি দেখা দিয়েছে। তবে শিশু অধিকার ও পুলিশের অস্ত্র ব্যবহারের আইনি সুরক্ষা নিয়ে নতুন বিতর্ক শনিবারের কর্মসূচিকে ভিন্ন মাত্রা দিয়েছে।
জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ সামাল দিতে সরকার ন্যূনতম মজুরি ০ দশমিক ৬ শতাংশ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে। কিন্তু শ্রমিক ইউনিয়নগুলো এ বৃদ্ধিকে অপর্যাপ্ত বলে প্রত্যাখ্যান করেছে। তাদের দাবি, মূল্যস্ফীতির সঙ্গে সামঞ্জস্য রেখে মজুরি ও ক্রয়ক্ষমতা বাড়াতে হবে।
এ দাবিতে আগামী ১৭ নভেম্বর দেশব্যাপী নতুন ধর্মঘট ও বিক্ষোভের কর্মসূচি ঘোষণা করেছে শ্রমিক সংগঠনগুলো। সরকারি খাতের কর্মীদের বেতন এবং ক্রয়ক্ষমতা নিয়েও ইউনিয়নগুলোর অসন্তোষ রয়েছে।
ফ্রান্সের চলমান আন্দোলন এখন আর কেবল দ্রব্যমূল্য বা মজুরি বৃদ্ধির দাবিতে সীমাবদ্ধ নেই। শিক্ষা, শিশু সুরক্ষা, পুলিশি জবাবদিহি এবং নাগরিক অধিকার—বিভিন্ন ইস্যু একসঙ্গে রাজপথে উঠে এসেছে। আগামী বছরের প্রেসিডেন্ট নির্বাচন সামনে রেখে এই সামাজিক অসন্তোষ দেশটির রাজনৈতিক পরিস্থিতিতেও প্রভাব ফেলতে পারে বলে মনে করা হচ্ছে।
ফ্রান্সে বিক্ষোভ, জীবনযাত্রার ব্যয়, পুলিশের ক্ষমতা