ডুমুরিয়া।
পাবনা সদর এলাকা থেকে আটক, ডুমুরিয়া ও আরংঘাটা থানায় রয়েছে একাধিক মাদক মামলা
খুলনার ডুমুরিয়া উপজেলার রামকৃষ্ণপুর এলাকার চাঞ্চল্যকর তরিকুল ইসলাম হত্যা মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত বাইতুল শেখকে (৪৮) গ্রেপ্তার করেছে ডুমুরিয়া থানা পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৫ নভেম্বর ২০২৬ তারিখ বিকেল ৪টা ৪৫ মিনিটে ডুমুরিয়া থানা পুলিশের একটি আভিযানিক দল পাবনা ও সিরাজগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে পাবনা সদর থানা এলাকা থেকে দীর্ঘদিন ধরে অবস্থান পরিবর্তন করে আত্মগোপনে থাকা বাইতুল শেখকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত বাইতুল শেখ খুলনার ডুমুরিয়া উপজেলার থুকরা গ্রামের মৃত শাহাজাহান শেখের ছেলে। তাঁর বিরুদ্ধে ডুমুরিয়া ও আরংঘাটা থানায় একাধিক মাদক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
উল্লেখ্য, গত ৫ নভেম্বর ২০২৬ তারিখে প্রকাশ্য দিবালোকে ডুমুরিয়ার রামকৃষ্ণপুর এলাকায় তরিকুল ইসলামকে গুলি করে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের স্ত্রী রিম্পা শেখ বাদী হয়ে ডুমুরিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের পর থেকেই মামলার আসামিদের গ্রেপ্তারে অভিযান চালিয়ে আসছিল পুলিশ। অবশেষে মামলার মূল পরিকল্পনাকারী হিসেবে অভিযুক্ত বাইতুল শেখকে গ্রেপ্তার করা হলো।