নতুন করে হামলা হলে দূরবর্তী সামরিক স্থাপনাও লক্ষ্যবস্তু হবে,জানালেন নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি
ইরানের ওপর নতুন করে সামরিক হামলা চালানো হলে মধ্যপ্রাচ্যের বাইরেও যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলোতে পাল্টা আঘাত হানার হুঁশিয়ারি দিয়েছেন দেশটির নিরাপত্তা প্রধান মোহসেন রেজায়ি। এমনকি ইউরোপের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিও ইরানের সম্ভাব্য লক্ষ্যবস্তুর তালিকায় থাকবে বলে জানিয়েছেন তিনি।
বুধবার (১১ নভেম্বর) প্রচারিত লেবাননভিত্তিক টেলিভিশন চ্যানেল আল-মায়াদিনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ হুঁশিয়ারি দেন রেজায়ি। তেহরানে সাক্ষাৎকারটি গ্রহণ করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।
রেজায়ি বলেন, ইরানে বোমা হামলা চালানোর উদ্দেশ্যে কোনো মার্কিন সামরিক ঘাঁটি থেকে বিমান উড্ডয়ন করলে, সেটি মধ্যপ্রাচ্যে হোক কিংবা ইউরোপের কোনো দেশ বা দূরবর্তী অঞ্চলে-সেই ঘাঁটিও ইরানের হামলার লক্ষ্যবস্তু হবে।
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালালে ইরানের জবাব হবে আরও দূরবর্তী মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে আঘাত হানা। এমন কিছু স্থাপনাও এর আওতায় আসতে পারে, যেগুলোতে ইরান এখনো হামলা চালায়নি।
এমনকি যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে থাকা কিছু দ্বীপেও হামলা চালানোর সক্ষমতা ও সম্ভাবনার কথা উল্লেখ করেন তিনি। এসব দ্বীপকে যুক্তরাষ্ট্র ইরানের ক্ষেপণাস্ত্রের নাগালের বাইরে মনে করে বলে মন্তব্য করেন রেজায়ি।
গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার মধ্য দিয়ে মধ্যপ্রাচ্যে সংঘাতের নতুন অধ্যায় শুরু হয়। এর প্রতিক্রিয়ায় ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। পাশাপাশি লেবানন, ইয়েমেন ও ইরাকে তেহরান-সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোও সংঘাতে জড়িয়ে পড়ে।
এর ফলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে। যুদ্ধের অবসান ঘটাতে বর্তমানে কাতার ও পাকিস্তানের নেতৃত্বে কূটনৈতিক তৎপরতা চলছে।
সংঘাত শুরুর পর থেকে গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক জ্বালানি পরিবহনপথ হরমুজ প্রণালি অবরুদ্ধ করে রেখেছে ইরান। প্রণালিটি পুনরায় খুলে দেওয়ার বিনিময়ে যুক্তরাষ্ট্রের কাছে কয়েকটি শর্ত দিয়েছে তেহরান। এর মধ্যে রয়েছে বিদেশে জব্দ থাকা ইরানের সম্পদ অবমুক্ত করা এবং দেশটির ওপর আরোপিত নিষেধাজ্ঞা প্রত্যাহার।
বিশ্বের জ্বালানি সরবরাহের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এই নৌপথকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক চাপ অব্যাহত রয়েছে।
ইরানের পরমাণু কর্মসূচি এবং ইউরেনিয়াম সমৃদ্ধকরণ দীর্ঘদিন ধরে ওয়াশিংটন ও তেহরানের বিরোধের অন্যতম প্রধান কারণ। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সামরিক পদক্ষেপের পক্ষে যুক্তি হিসেবে ইরানের পরমাণু কর্মসূচিকে বারবার সামনে এনেছে।
তবে রেজায়ি জানিয়েছেন, চলমান আলোচনায় বর্তমানে পরমাণু ইস্যুটি অন্তর্ভুক্ত নেই। এ বিষয়ে ইরান ইতোমধ্যে নিজেদের অবস্থান ও সীমারেখা নির্ধারণ করেছে।
তিনি বলেন, সমৃদ্ধ ইউরেনিয়ামের সামান্যতম অংশও ইরানের বাইরে পাঠানো হবে না।
উল্লেখ্য, ইরানের ৬০ শতাংশ পর্যন্ত সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ দীর্ঘদিনের। অস্ত্রমানের ইউরেনিয়াম তৈরিতে প্রায় ৯০ শতাংশ সমৃদ্ধকরণ প্রয়োজন হয়। এ বিষয়টি ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আন্তর্জাতিক আলোচনায় বিশেষ গুরুত্ব পাচ্ছে।
এদিকে মঙ্গলবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানে নতুন করে সামরিক হামলা চালানোর প্রয়োজন নেই। তাঁর দাবি, ইরানের অর্থনীতিকে দুর্বল করার লক্ষ্যে যুক্তরাষ্ট্রের নেওয়া পদক্ষেপ সফল হয়েছে।
সাম্প্রতিক মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্টির পরাজয়ের পর ওয়াশিংটনের পক্ষ থেকে নতুন করে হামলার হুমকি তুলনামূলকভাবে কমে এসেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইরান যুদ্ধ নিয়ে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ অসন্তোষও এ ক্ষেত্রে একটি বিবেচ্য বিষয়।
তবে ইরানের নিরাপত্তা প্রধানের সর্বশেষ হুঁশিয়ারিতে স্পষ্ট হয়েছে, নতুন করে সামরিক সংঘাত শুরু হলে তেহরান শুধু মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাতেই সীমাবদ্ধ থাকতে চায় না। এমন পরিস্থিতিতে সংঘাতের ভৌগোলিক বিস্তার এবং আন্তর্জাতিক নিরাপত্তার ঝুঁকি নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
ইরানযুক্তরাষ্ট্রসংঘাত,মার্কিনসামরিকঘাঁটি,মোহসেনরেজায়ি