শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে জাপানে এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানি
- সকালের আলো প্রতিবেদক
-
২০২৪-০১-০২ ১২:১৫:৩৫
- Print
শক্তিশালী ভূমিকম্প ও সুনামিতে জাপানের পশ্চিমাঞ্চলে
এখন পর্যন্ত ২৪ জনের প্রাণহানি হয়েছে। আহত হয়েছে আরও বেশ কয়েকজন। ভেঙ্গে পড়েছে অনেক ঘরবাড়ি।
ধ্বংসস্তুপের নিচে অনেকে আটকা পড়ে থাকায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশংকা করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলের হাজার হাজার বাসিন্দা উচ্চ ভূমিতে আশ্রয় নিয়েছে। এখনও ৪৫ হাজরের বেশি ঘরবাড়ি বিদ্যুৎবিচ্ছিন্ন। স্থানীয় সময় সোমবার বিকেলে জাপানের পশ্চিমাঞ্চলে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্পের পর আরও ১৫৫টি কম্পন অনুভূত হয়েছে।
জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, দেশটিতে সোমবার ৭ দশমিক ৬ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানার পর সুনামির সতর্কতা জারি এবং হাজার হাজার মানুষকে নিরাপদ স্থানে সরে যেতে বলা হয়।
৭ মাত্রার শক্তিশালী ভূমিকম্পের পরপরই ওই সিরিজ ভূমিকম্প অনুভূত হয়েছে। এদিন আঘাত হানা বেশিরভাগ কম্পনই ৩ মাত্রার বেশি ছিল। তবে মঙ্গলবার ভোরে দেশটিতে ছয়টি শক্তিশালী কম্পন অনুভূত হয়েছে।
স্থানীয় জ্বালানি সরবরাহকারী সংস্থা জানিয়েছে, মঙ্গলবার জাপানের ভূমিকম্প কবলিত অঞ্চলের প্রায় ৩২ হাজার ৭০০টি পরিবার বিদ্যুৎবিহীন অবস্থায় রয়েছে।