কী যেন এক বিষণ্নতায় তুমি ম্রিয়মাণ,
সুপ্ত বেদনা ব্যক্ত হলে থাকে না সম্মান।
অসহ্য যন্ত্রণা নিয়ত আঘাত হানে বুকে,
নীরব ছোবলে নীলে নীল বিবর্ণ মুখে ।
ভদ্র সমাজে চলে তাল মিলিয়ে তাল,
আঁধারে স্মৃতিরা করে উথালপাথাল।
ঘুম দূরে দাঁড়িয়ে দেখে বোবাকান্নার রূপ,
নিজেকে নিঃশেষ করা একী বিচিত্র স্বরূপ।
নিঃসঙ্গতা নিঃশব্দে নিজেকে কুরে কুরে খায়,
অন্তরে-বাইরে কোথাও নেই তার শান্তির ঠাঁই।