সোমবার, আগস্ট ১৭, ২০২৬

চৌগাছায় ট্রাক চাপায় ২ মোটরসাইকেল আরোহীর মৃত্যু :

  • আবু জাফর বিশ্বাস
  • ২০২৩-১২-১২ ২২:৩৪:২৫

-চৌগাছা (যশোর) প্রতিনিধি
যশোরের চৌগাছায় ২০ ঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় এক কলেজছাত্রসহ তিনজনের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার (১২ ডিসেম্বর) বিকেল সাড়ে ৪টা ও গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে উপজেলায় দুটি সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান। পুলিশ ও স্থানীয়রা জানান, আজ বিকেল সাড়ে ৪টার দিকে চৌগাছা-ঝিকরগাছা সড়কের পলুয়া মসজিদের সামনে দ্রুত গতির একটি ট্রাক মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী আইয়ুব আলী (৫৫) এবং নুর ইসলাম (৪১) ঘটনাস্থলেই মারা যান।
মৃত আইয়ুব আলী উপজেলার পাশাপোল ইউনিয়নের হাউলি গ্রামের এবং নুর ইসলাম একই ইউনিয়নের মালিগাতি গ্রামের বাসিন্দা। তাঁরা মালিগাতি থেকে মোটরসাইকেলে পাশের ঝিকরগাছার ছুটিপুর বাজারে যাচ্ছিলেন। 
এদিকে দুর্ঘটনার পর কিছু দুর গিয়ে ট্রাকচালক ট্রাকটি রাস্তায় রেখে পালিয়ে যান। পরে দশপাকিয়া ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ দুটি ও ট্রাকটি নিজেদের হেফাজতে নেয়। 
এর আগে গতকাল সোমবার রাত সাড়ে ৭টার দিকে চৌগাছা-মহেশপুর সড়কের হাজরাখানা কবরস্থান নামক স্থানে একটি মোটরসাইকেলকে চাপা দেয় একটি অজ্ঞাতনামা ট্রাক্টর। এতে শাওন হোসেন (২২) নামে এক কলেজশিক্ষার্থী মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে তাঁর মৃত্যু হয়। শাওন ঝিনাইদহের মহেশপুর উপজেলার শংকরহুদা-বাথানগাছি গ্রামের মাসুদ হোসেনের ছেলে এবং একটি কলেজে অনার্সের শিক্ষার্থী ছিলেন। চৌগাছা থেকে মহেশপুর যাওয়ার পথে এই ঘটনা ঘটে। চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, উভয় ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।

 


এ জাতীয় আরো খবর