শনিবার, মে ৩০, ২০২৬

হাতছাড়া হতে চলেছে মিয়ানমারে কায়াহ রাজ্য

  • সকালের আলো প্রতিবেদক
  • ২০২৩-১২-০৪ ০৯:১১:০৫

একটি রাজ্য হাতছাড়া হতে চলেছে মিয়ানমারে সামরিক জান্তা সরকারের নিয়ন্ত্রণ থেকে। সামরিক সরকারবিরোধী গণতন্ত্রপন্থী যোদ্ধারা কায়াহ রাজ্যের রাজধানী দখলের দ্বারপ্রান্তে পৌঁছে গেছে। দখল করতে পারলে এটিই হবে প্রথম কোনো রাজ্যের রাজধানী, যা গণতন্ত্রপন্থীদের দখলে যাবে। তবে জান্তা সরকারের প্রধান জানিয়েছেন, লোইকাও শহর এখনো তাদের নিয়ন্ত্রণে রয়েছে। সেখানে সেনাবাহিনীর সাথে জান্তা বিরোধী যোদ্ধাদের লড়াই চলছে। শহরটি থেকে কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে জাতিসংঘ। 
২০২১ সালে অভ্যুত্থানের মাধ্যমে গণতান্ত্রিক সরকারকে হটিয়ে ক্ষমতায় বসে মিয়ানমারের সামরিক জান্তা সরকার। সেসময় গণতন্ত্রপন্থীরা জাতীয় ঐক্য সরকার গঠন করে। নির্বাসিত নেতাদের এই ছায়া সরকার সেনাবাহিনীর বিরুদ্ধে প্রতিরক্ষা যুদ্ধ শুরু করে। তারা সামরিক জান্তা সরকার ও তাদের অর্থনৈতিক ভিত্তিগুলোকে লক্ষ্যবস্তু করার জন্য সশস্ত্র যোদ্ধা গড়ে তোলে। দেশজুড়ে এই যোদ্ধাদের কাছে বিভিন্ন স্থাপনার নিয়ন্ত্রণ হারাতে থাকে জান্তা বাহিনী। 
কায়াহ রাজ্যের রাজধানী লোইকাও দখলের কাছাকাছি গণতন্ত্রপন্থী যোদ্ধারা। সেখানে চলছে তীব্র লড়াই। গণতন্ত্রপন্থী যোদ্ধাদের দাবি, শিগগিরই এই রাজ্যের রাজধানী তাদের নিয়ন্ত্রণে থাকবে। তবে, মিয়ানমারের সামরিক সরকারের প্রধান মিন অং হ্লাইং বলেছেন, বিদ্রোহী যোদ্ধাদের বিরুদ্ধে ব্যাপক লড়াই করছে সেনারা। এখন তাদের  নিয়ন্ত্রণে আছে লোইকাও শহর। 
এমন পরিস্থিতিতে লোইকাও শহর থেকে কর্মকর্তাদের সরিয়ে নিয়েছে জাতিসংঘ। ভয়ে পালিয়ে গেছে শহরের প্রায় ৫০ হাজার বাসিন্দা।


এ জাতীয় আরো খবর