আজ বুধবার (২৯ শে নভেম্বর) অবশেষে ব্যক্তিশ্রেণির করদাতাদের বার্ষিক আয়কর বিবরণী বা রিটার্ন জমা দেওয়ার সময় দুই মাস বাড়ানো হয়েছে। আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত ব্যক্তি করদাতারা রিটার্ন জমা দিতে পারবেন।
এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।
নিয়ম অনুসারে, আগামীকাল বৃহস্পতিবার (৩০শে নভেম্বর) রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ছিল।
এনবিআর সূত্রে জানা যায়, বর্ধিত সময় অনুসারে করদাতারা ৩০শে নভেম্বরের পরিবর্তে আগামী ৩১শে জানুয়ারি পর্যন্ত রিটার্ন জমা দিতে পারবেন। কোম্পানি করদাতাদের জন্য রিটার্ন জমার নির্ধারিত সময় ছিল ২০২৪ সালের ১৫ই জানুয়ারি, এই সময় বাড়িয়ে ২৮শে ফেব্রুয়ারি করা হয়েছে।
চলতি ২০২৩-২৪ অর্থবছরে দেশে ৪০ লাখ রিটার্ন জমার লক্ষ্য নির্ধারণ করেছে এনবিআর। তবে এখন পর্যন্ত লক্ষ্যমাত্রার অর্ধেক রিটার্নও জমা পড়েনি।
গত সপ্তাহে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) রিটার্ন জমার সময় আগামী ৩১শে ডিসেম্বর পর্যন্ত বাড়ানোর আবেদন করে।
এর আগে ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশন রিটার্ন জমা দেওয়ার সময়সীমা দুই মাস বাড়ানোর দাবি জানিয়েছিল।