বর্ণাঢ্য আয়োজন ও বিপুল অংশগ্রহণের মধ্য দিয়ে শেষ হয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬। তিনটি ক্যাটাগরিতে প্রায় ৫ হাজার প্রতিযোগীর অংশগ্রহণে শুক্রবার সকালে রাজধানীর বসুন্ধরায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
শুক্রবার ভোর ৫টায় আন্তর্জাতিক কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) গেট থেকে প্রতিযোগিতা শুরু হয়। আনুষ্ঠানিক উদ্বোধন করেন ডিএনসিসির প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন। এ সময় ঢাকা-১৮ আসনের সংসদ সদস্য মো. জাহাঙ্গীর হোসেন উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় ছিল ২১ দশমিক ৫ কিলোমিটারের হাফ ম্যারাথন,১০ কিলোমিটারের দৌড় এবং শিশু-কিশোরদের জন্য ১ দশমিক ৫ কিলোমিটারের দৌড়। ভোর ৫টায় হাফ ম্যারাথন,সকাল সাড়ে ৫টায় ১০ কিলোমিটার এবং সকাল সাড়ে ৭টায় শিশু-কিশোরদের দৌড় অনুষ্ঠিত হয়।
প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারীদের মেডেল দেওয়া হয়। পরে প্রতিটি ক্যাটাগরিতে ১০ জন করে বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান মিল্টন।
অনুষ্ঠানে ডিএনসিসির কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। র্যাফল ড্রয়ের মধ্য দিয়ে আন্তর্জাতিক হাফ ম্যারাথন-২০২৬-এর আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।
হাফম্যারাথন, ডিএনসিসি, ঢাকাম্যারাথন