শুক্রবার, নভেম্বর ২৭, ২০২৬

প্রাণিসম্পদ খাতকে রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-২৬ ২১:২৮:১২
ছবি: সংগৃহীত।

প্রাণিসম্পদ খাতকে আধুনিক, বিজ্ঞানভিত্তিক, উৎপাদনমুখী ও রপ্তানিমুখী শিল্পে রূপান্তরের লক্ষ্যে সরকার কাজ করছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, আধুনিক প্রযুক্তি, উন্নত জাত, টিকাদান, কৃত্রিম প্রজনন ও খামার ব্যবস্থাপনার উন্নয়নের মাধ্যমে এ খাতের উৎপাদনশীলতা ও অর্থনৈতিক সম্ভাবনা বাড়ানো হবে।
বৃহস্পতিবার রাজধানীর শেরেবাংলা নগরে পুরাতন বাণিজ্য মেলার মাঠে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
তিনি বলেন, প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টির চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, দারিদ্র্য বিমোচন ও গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। বর্তমানে দেশের জনগণের প্রাণিজ আমিষ গ্রহণের প্রায় ৬৫ শতাংশ আসে দুধ, মাংস ও ডিম থেকে।
প্রধানমন্ত্রী জানান, চলতি অর্থবছরে স্থির মূল্যে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ১ দশমিক ৮১ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩ দশমিক ৩০ শতাংশ। কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ১৬ দশমিক ৫৬ শতাংশ। চলতি বছরের মার্চ থেকে আগস্ট পর্যন্ত ছয় মাসে প্রাণিসম্পদ খাত থেকে ১০৪ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার আয় হয়েছে।
দেশে বর্তমানে দুই লাখের বেশি পোল্ট্রি খামার রয়েছে। এসব খামারে প্রতিদিন প্রায় ৬ কোটি ৮৮ লাখ ডিম উৎপাদিত হচ্ছে। এ খাতের সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ৬০ লাখ মানুষ জড়িত, যাদের প্রায় ৪০ শতাংশ নারী। বেসরকারি বিনিয়োগ রয়েছে প্রায় ৫০ হাজার কোটি টাকা।
প্রধানমন্ত্রী বলেন, আধুনিক খামার ব্যবস্থাপনা, গবেষণা, প্রশিক্ষণ, টিকা উৎপাদন ও উন্নত প্রযুক্তির যথাযথ প্রয়োগ নিশ্চিত করা গেলে প্রাণিসম্পদ খাতে স্বনির্ভরতা অর্জনের পাশাপাশি বৈদেশিক মুদ্রা আয় বাড়ানো সম্ভব হবে। হালাল মাংস, দুগ্ধজাত ও পোল্ট্রি পণ্য আন্তর্জাতিক বাজারে রপ্তানির ব্যাপক সম্ভাবনা রয়েছে।
রোগবালাইকে এ খাতের অন্যতম চ্যালেঞ্জ উল্লেখ করে তিনি জানান, বর্তমানে প্রাণিসম্পদ গবেষণা প্রতিষ্ঠান থেকে ১৭টি রোগের টিকা উৎপাদিত হচ্ছে। তবে এই সক্ষমতা বাড়াতে সরকার আধুনিক ভ্যাকসিন উৎপাদন কারখানা স্থাপনের উদ্যোগ নিয়েছে।
উপকূলীয় অঞ্চল, সিলেট ও সুনামগঞ্জের হাওরাঞ্চলে মহিষ পালনের সম্ভাবনা কাজে লাগাতে নতুন চর ও সরকারি খাসজমি খামারিদের ব্যবহারের জন্য বন্দোবস্ত দেওয়ার বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে উদ্যোগ নেওয়ার আহ্বান জানান তিনি।
প্রাণীর অধিকার ও কল্যাণ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করে প্রধানমন্ত্রী পশুপাখির প্রতি নির্যাতন বন্ধ এবং শিশু-কিশোরদের মধ্যে প্রাণীর প্রতি সহানুভূতি ও দায়িত্বশীলতা গড়ে তোলার আহ্বান জানান।
অনুষ্ঠানে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদানের স্বীকৃতি হিসেবে আটটি ক্যাটাগরিতে ২৩ ব্যক্তি ও প্রতিষ্ঠানকে জাতীয় প্রাণিসম্পদ পদক প্রদান করা হয়। স্বর্ণপদকের সঙ্গে ৫০ হাজার এবং রৌপ্যপদকের সঙ্গে ৩০ হাজার টাকা দেওয়া হয়।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা বক্তব্য দেন।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ উপলক্ষে রাজধানীতে তিন দিনব্যাপী মেলা ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। এতে ৬৪টি স্টল ও ছয়টি প্যাভিলিয়ন রয়েছে। পাশাপাশি দেশের ৬৪ জেলা ও উপজেলা পর্যায়েও বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সপ্তাহটি উদযাপন করা হচ্ছে।

প্রাণিসম্পদ, তারেকরহমান, LivestockExport


এ জাতীয় আরো খবর