শনিবার, নভেম্বর ২৮, ২০২৬

ডিসেম্বরে ২৬৮ উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ,চার জেলায় যাবেন প্রধানমন্ত্রী

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-২৮ ০৯:৪৭:১৬
ফাইল ছবি

দেশজুড়ে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি শুরু হচ্ছে আগামী ডিসেম্বর মাসে। প্রথম পর্যায়ে দেশের ২৬৮টি উপজেলায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হবে। চারটি উপজেলায় সরাসরি উপস্থিত থেকে কার্ড বিতরণ অনুষ্ঠানে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বাকি ২৬৪টি উপজেলায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত থাকবেন তিনি।
আগামী ২ ডিসেম্বর কুষ্টিয়া সদর উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন হবে। এরপর পর্যায়ক্রমে ৫ ডিসেম্বর গাইবান্ধার গোবিন্দগঞ্জ,১২ ডিসেম্বর সুনামগঞ্জ সদর এবং ২১ ডিসেম্বর পাবনা সদর উপজেলায় বিতরণ অনুষ্ঠান আয়োজন করা হবে।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ফ্যামিলি কার্ড কর্মসূচি থেকে গত ২৫ নভেম্বর সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) কাছে পাঠানো চিঠিতে এ কর্মসূচির বিস্তারিত সময়সূচি জানানো হয়েছে।
নির্ধারিত চারটি মূল অনুষ্ঠানস্থলে সরাসরি উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পাশাপাশি ভিডিও কনফারেন্সের মাধ্যমে অন্যান্য উপজেলায় আয়োজিত অনুষ্ঠানেও যুক্ত থাকবেন তিনি।
কর্মসূচির পরিকল্পনা অনুযায়ী,কুষ্টিয়া সদর উপজেলার অনুষ্ঠানের সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হবে ৬৭টি উপজেলা। গাইবান্ধার গোবিন্দগঞ্জের সঙ্গে যুক্ত হবে ৬৪টি উপজেলা। সুনামগঞ্জ সদরের সঙ্গে ৬৭টি এবং পাবনা সদরের সঙ্গে ৬৬টি উপজেলা যুক্ত থাকবে।
চারটি মূল ভেন্যুর সঙ্গে মোট ২৬৪টি উপজেলা ভিডিও কনফারেন্সে যুক্ত হবে। মূল চার উপজেলায় সরাসরি অনুষ্ঠানসহ সব মিলিয়ে ২৬৮টি উপজেলায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম পরিচালিত হবে।
চিঠিতে সংশ্লিষ্ট উপজেলা নির্বাহী কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাইয়ের পাশাপাশি বিতরণ অনুষ্ঠান সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সার্বিক প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।
এ ছাড়া অনুষ্ঠান আয়োজন, সংশ্লিষ্টদের সঙ্গে সমন্বয় এবং ভিডিও কনফারেন্সের মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচিতে যুক্ত হওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে বলা হয়েছে।
ডিসেম্বর মাসে নির্ধারিত সময়সূচি অনুযায়ী দেশের বিভিন্ন উপজেলায় একযোগে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম বাস্তবায়নের প্রস্তুতি নিচ্ছে সংশ্লিষ্ট প্রশাসন।

ফ্যামিলি কার্ড, তারেক রহমান, ২৬৮ উপজেলা


এ জাতীয় আরো খবর