রবিবার, নভেম্বর ২৯, ২০২৬

২ হাজার ৩১৮ কলেজের অধ্যক্ষ সম্মিলনে প্রধানমন্ত্রী তারেক রহমান

  • নিজস্ব প্রতিবেদক
  • ২০২৬-১১-২৮ ১২:২৮:২৯
ছবি: সংগৃহীত।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষদের নিয়ে আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন-২০২৬’-এ যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে এ সম্মিলন অনুষ্ঠিত হচ্ছে। উচ্চশিক্ষার মানোন্নয়ন, দক্ষ মানবসম্পদ তৈরি ও কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে এ আয়োজন করা হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ১০টা ২০ মিনিটে প্রধানমন্ত্রী অনুষ্ঠানস্থলে পৌঁছান। পবিত্র কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে সম্মিলনের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।
এবারের সম্মিলনের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে-‘দক্ষতা আর প্রযুক্তিতে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ’।
আয়োজক সূত্রে জানা গেছে, উচ্চশিক্ষার মানোন্নয়ন, কলেজ শিক্ষায় সুশাসন প্রতিষ্ঠা এবং যুগোপযোগী শিক্ষাব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়েছে। পাশাপাশি দক্ষ মানবসম্পদ তৈরিতে অধ্যক্ষদের ভূমিকা আরও কার্যকর করা, অধিভুক্ত কলেজগুলোর শিক্ষার পরিবেশ ও মান উন্নয়ন এবং কলেজ পরিচালনায় স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করাও সম্মিলনের অন্যতম উদ্দেশ্য।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত ২ হাজার ৩১৮টি কলেজে বর্তমানে প্রায় ৪০ লাখ শিক্ষার্থী পড়াশোনা করছেন। দেশের উচ্চশিক্ষায় অধ্যয়নরত মোট শিক্ষার্থীর প্রায় ৭০ শতাংশ এসব কলেজের শিক্ষার্থী। এ সম্মিলনের মাধ্যমে কলেজগুলোর সঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসনের সমন্বয় আরও জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রো-ভাইস চ্যান্সেলর-২) অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ।
সম্মিলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন, প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহদী আমিন এবং মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক।
দেশের বৃহত্তম উচ্চশিক্ষা নেটওয়ার্কের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রম, প্রশাসনিক দক্ষতা ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে এ সম্মিলনে গুরুত্বপূর্ণ আলোচনা হওয়ার কথা রয়েছে।

জাতীয় বিশ্ববিদ্যালয়, অধ্যক্ষ সম্মিলন, তারেক রহমান


এ জাতীয় আরো খবর