প্রতিনিধি টাঙ্গাইল:
মজলুম জননেতা মাওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উদ্যোগে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হয়েছে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম ও প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মোঃ আনিছুর রহমানের নেতৃত্বে সকাল ৭টা ৩০ মিনিটে মাওলানা ভাসানীর মাজারে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এ সময় বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার, প্রোভোস্ট, বিভাগীয় চেয়ারম্যান, অফিসপ্রধান, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ ছাড়া ভাসানী পরিবার, টাঙ্গাইল প্রেস ক্লাব, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকেও পৃথকভাবে পুষ্পস্তবক অর্পণ করা হয়। সকাল ৮টায় তবারক বিতরণ এবং বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে গতকয়েক দিন ধরে বিশ্ববিদ্যালয়ের উদ্যোগে নানা কর্মসূচি পালন করা হয়। এর মধ্যে ১৫ নভেম্বর মাওলানা ভাসানীর জীবন, কর্ম, রাজনৈতিক দর্শন ও জাতীয় জীবনে তাঁর অবদান নিয়ে "মাওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ের মাওলানা ভাসানী রিসার্চ সেন্টারের উদ্যোগে নির্মিত তাঁর জীবন ও কর্মভিত্তিক ২৫ মিনিটের একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে রচনা, আবৃত্তি ও চিত্রাংকন প্রতিযোগিতা ও বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সপ্তাহব্যাপী ভাসানী মেলার আয়োজন করা হয়। এসব কর্মসূচিতে শিক্ষক-শিক্ষার্থী, গবেষক, রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মজলুম জননেতা মাওলানা ভাসানীর সংগ্রামী জীবন, রাজনৈতিক আদর্শ, দেশপ্রেম ও সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় তাঁর অসামান্য অবদানকে গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করে।