ওমান উপকূলে ভারতের পতাকাবাহী একটি পণ্যবাহী জাহাজে অজ্ঞাত আকাশযানের হামলায় এক ভারতীয় নাবিক নিহত হয়েছেন। এ ঘটনায় জাহাজে থাকা বাকি ১৩ নাবিককে উদ্ধার করেছে ওমানের কোস্টগার্ড। মঙ্গলবার (৩ নভেম্বর) ভারতের নৌপরিবহনমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল এ তথ্য জানিয়েছেন।
হামলার শিকার জাহাজটির নাম ‘এমএসভি আল জুসুফি’। সোমবার (২ নভেম্বর) ওমানের লিমাহ উপকূলের কাছে চলাচলের সময় জাহাজটিতে আঘাত হানে অজ্ঞাত আকাশযান। ওই সময় জাহাজে ১৪ জন ভারতীয় নাবিক ছিলেন।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে সর্বানন্দ সোনোয়াল জানান, হামলার পর ১৩ নাবিক নিরাপদে জাহাজ থেকে বেরিয়ে আসেন। পরে ওমানের কোস্টগার্ড তাঁদের উদ্ধার করে। তবে গুজরাটের বাসিন্দা নাবিক গান্ধার নাহিম আজিজ গুরুতর আহত হয়ে মারা যান। তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ভারতের এই মন্ত্রী।
ভারতের সংবাদমাধ্যম ও সরকারি সূত্রের তথ্য অনুযায়ী, জাহাজটি সংযুক্ত আরব আমিরাতের হামরিয়া বন্দর থেকে গুজরাটের পোরবন্দরের উদ্দেশে যাচ্ছিল। ৩১ অক্টোবর যাত্রা শুরু করা জাহাজটিতে প্রায় ৯৫০ মেট্রিক টন খেজুর ছিল বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম।
ভারতের নৌপরিবহন মন্ত্রণালয় ও ওমানের ভারতীয় দূতাবাস উদ্ধার হওয়া নাবিকদের সহায়তা এবং নিহত নাবিকের মরদেহ দেশে ফিরিয়ে আনার বিষয়ে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রাখছে।
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় উদ্বেগ ও নিন্দা জানিয়েছে। একই সঙ্গে মধ্যপ্রাচ্যে উত্তেজনা কমানো, কূটনৈতিক সমাধান এবং আন্তর্জাতিক জলসীমায় নিরাপদ ও নির্বিঘ্নে জাহাজ চলাচল নিশ্চিত করার আহ্বান জানিয়েছে নয়াদিল্লি।
উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানে হামলার মধ্য দিয়ে শুরু হওয়া সংঘাতের পর থেকে মধ্যপ্রাচ্যের জলপথে বাণিজ্যিক জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়েছে। হরমুজ প্রণালি ও আশপাশের জলসীমায় বিভিন্ন জাহাজে হামলার ঘটনায় ভারতীয় নাবিকদের প্রাণহানি ও আহত হওয়ার ঘটনাও ঘটেছে। সর্বশেষ হামলায় নতুন করে ওই অঞ্চলে বাণিজ্যিক নৌপরিবহনের নিরাপত্তা নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
ওমান উপকূলে জাহাজে হামলা, ভারতীয় নাবিক নিহত, আল জুসুফি