মঙ্গলবার, নভেম্বর ৩, ২০২৬

কৃষক অ্যাক্টিভিস্টদের প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত

  • মোঃ কামরুজ্জামান
  • ২০২৬-১১-০৩ ২১:০০:২৫

ভূমি অধিকার,কৃষকের সংগঠিত আন্দোলন,সুরক্ষা ও দেশীয় বীজ সংরক্ষণের ওপর গুরুত্বারোপ
বাংলাদেশ কৃষক ফেডারেশনের উদ্যোগে আজ ৩ নভেম্বর ২০২৬ তারিখে সাতক্ষীরা জেলা জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে কৃষক অ্যাক্টিভিস্ট প্রশিক্ষণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি বদরুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত এ প্রশিক্ষণ কর্মসূচি পরিচালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক জায়েদ ইকবাল খান।
প্রশিক্ষণ কর্মসূচিতে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা ভূমিহীন কল্যাণ সংগঠনের প্রধান উপদেষ্টা কামরুজ্জামান রাসেল এবং রাজশাহীর মানবাধিকারকর্মী আফজাল হোসাইন। তাঁরা কৃষক ও ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠা, খাসজমি উদ্ধার ও বন্দোবস্ত, ভূমিহীন মানুষের সংগঠিত আন্দোলন এবং মানবাধিকার রক্ষায় তৃণমূল পর্যায়ের অ্যাক্টিভিস্টদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।
কর্মসূচিতে সুরক্ষা (Safeguarding) বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন লিলি গমেজ। তিনি সংগঠনের কার্যক্রমে নারী, শিশু ও ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর নিরাপত্তা,মর্যাদা ও অধিকার নিশ্চিত করার প্রয়োজনীয় বিষয়গুলো তুলে ধরেন।
দেশীয় বীজ উৎপাদন ও সংরক্ষণ বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন উবিনিগের উপদেষ্টা ড. এম এ সোবাহান। তিনি দেশীয় বীজের বৈচিত্র্য রক্ষা, কৃষকের বীজের ওপর অধিকার প্রতিষ্ঠা এবং বহুজাতিক কোম্পানিনির্ভর বীজ ও কৃষি ব্যবস্থার পরিবর্তে কৃষকনির্ভর বীজ উৎপাদন ও সংরক্ষণ ব্যবস্থার গুরুত্ব তুলে ধরেন।
প্রশিক্ষণের বিভিন্ন পর্বে কৃষক অ্যাক্টিভিস্টদের সংগঠিত করা, ভূমিহীন মানুষের খাসজমির অধিকার, কৃষকের ভূমি অধিকার, আদিবাসী জনগণের ভূমির অধিকার, খাদ্য সার্বভৌমত্ব এবং কৃষক আন্দোলন জোরদার করার বিষয়েও আলোচনা হয়।
প্রশ্নোত্তর ও মুক্ত আলোচনা পর্বে অংশগ্রহণ করেন ভূমিহীন নেতা ওয়াহাব আলী, কামরুজ্জামান, ইব্রাহিম লাকি, রবিউল ইসলাম, নারী নেত্রী জবেদা বেগম, ইশরাত জাহানসহ অন্যান্য কৃষক অ্যাক্টিভিস্ট। তাঁরা মাঠপর্যায়ে ভূমিহীন মানুষের সমস্যা, খাসজমি বন্দোবস্তের প্রতিবন্ধকতা, কৃষক সংগঠন শক্তিশালী করা এবং নারী কৃষকদের অংশগ্রহণ বৃদ্ধির বিষয়ে তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
সভাপতির বক্তব্যে বদরুল আলম বলেন, কৃষক ও ভূমিহীন মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য শুধু সচেতনতা সৃষ্টি যথেষ্ট নয়; তাঁদের সংগঠিত ও ঐক্যবদ্ধ করে অধিকার আদায়ের আন্দোলন গড়ে তুলতে হবে। খাসজমির ন্যায্য বণ্টন, দেশীয় বীজের ওপর কৃষকের অধিকার, কৃষিতে পরিবেশবান্ধব পদ্ধতির প্রসার এবং খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠার সংগ্রামকে আরও শক্তিশালী করতে হবে। এ ক্ষেত্রে তৃণমূল পর্যায়ের কৃষক অ্যাক্টিভিস্টদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।
প্রশিক্ষণ কর্মসূচির মাধ্যমে কৃষক অ্যাক্টিভিস্টদের জ্ঞান, দক্ষতা ও সাংগঠনিক সক্ষমতা বৃদ্ধি এবং ভূমিহীন কৃষক, নারী কৃষক ও প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার প্রতিষ্ঠার আন্দোলনকে আরও বেগবান করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
 

 


এ জাতীয় আরো খবর