নিজস্ব বীজ উৎপাদন, মানসম্মত বীজ নির্বাচন ও দীর্ঘমেয়াদি সংরক্ষণ কৌশল বিষয়ে প্রশিক্ষণ পেলেন ৩০ জন কৃষক
খুলনার দাকোপ উপজেলার কৈলাশগঞ্জ গ্রামে ১৭ অক্টোবর ২০২৬ তারিখে ‘বীজ উৎপাদন ও সংরক্ষণ’ বিষয়ক একটি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। স্থানীয় উন্নয়ন সংস্থা লোকজ (LoCOS)-এর আয়োজনে এবং মিসেরিওর-জার্মানির সহযোগিতায় পরিচালিত ‘কৃষকের নেতৃত্বে কৃষি উন্নয়নের মাধ্যমে জীবিকা উন্নয়ন প্রকল্প’-এর আওতায় এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে কৈলাশগঞ্জ ও রামনগর গ্রামের মোট ৩০ জন কৃষক অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে মানসম্মত বীজ নির্বাচন, উন্নত পদ্ধতিতে বীজ উৎপাদন, বীজ সংগ্রহ, শুকানো এবং দীর্ঘমেয়াদে বীজ সংরক্ষণের বিভিন্ন কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। কৃষকদের নিজস্ব উদ্যোগে মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণের সক্ষমতা বৃদ্ধি এবং কৃষিতে স্থানীয় বীজের ব্যবহার উৎসাহিত করাই ছিল এ প্রশিক্ষণের অন্যতম লক্ষ্য।
প্রশিক্ষণে সহায়ক হিসেবে দায়িত্ব পালন করেন বীজ উৎপাদক কৃষক কুন্তল রায়, লোকজ-এর সমন্বয়কারী পলাশ দাশ এবং সিনিয়র প্রোগ্রাম অফিসার মিলন কান্তি মণ্ডল।
প্রশিক্ষণের অংশ হিসেবে কৈলাশগঞ্জ একতা যুবসংঘ সংলগ্ন বিআর-৩০ ধানের মাঠে একটি ব্যবহারিক অধিবেশন অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী কৃষকদের সরাসরি মাঠ পর্যায়ে ধানবীজ নির্বাচন, শুকানো ও সংরক্ষণের বিভিন্ন ধাপ হাতে-কলমে দেখানো হয়। এর মাধ্যমে কৃষকেরা মানসম্মত বীজ সংরক্ষণের পদ্ধতি সম্পর্কে বাস্তব অভিজ্ঞতা অর্জন করেন, যা ভবিষ্যতে ভালো ফলন নিশ্চিত করতে সহায়ক হবে।
প্রশিক্ষণে অংশগ্রহণকারী কৃষকেরা এ উদ্যোগকে সময়োপযোগী ও কার্যকর বলে উল্লেখ করেন। তাঁরা অর্জিত জ্ঞান নিজেদের কৃষিকাজে প্রয়োগের পাশাপাশি মানসম্মত বীজ উৎপাদন ও সংরক্ষণের মাধ্যমে কৃষি উৎপাদনশীলতা বৃদ্ধি এবং টেকসই কৃষি উন্নয়নে ভূমিকা রাখার আশাবাদ ব্যক্ত করেন।