প্রতিনিধি,টাঙ্গাইল:
কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক বলেছেন,কোনো রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে আমেরিকা ভিসা নীতি দিয়ে থাকতে পারে। কী কারণে সেটি করেছে,তা জানি না।সংবিধান অনুযায়ী নির্বাচনকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাই ক্ষমতায় থাকবেন। তাঁর অধীনই সুষ্ঠু,সুন্দর ও গ্রহণযোগ্য নির্বাচন হবে। জানুয়ারি মাসেই এই নির্বাচন হবে। কারও ভিসা নীতিতে আমাদের কিছু যায় আসে না। ভিসা দিয়ে বা না দিয়ে কেউ নির্বাচন বানচাল করতে পারবে না।
বুধবার সকালে টাঙ্গাইলের মধুপুর উপজেলা পরিষদ চত্বরে কৃষি মেলার উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
বিএনপির ৪৮ ঘণ্টার আলটিমেটাম প্রসঙ্গে কৃষিমন্ত্রী বলেন, ৪৮ ঘণ্টা কেন, ৪৮ দিনের আলটিমেটামেও বিএনপি সফল হবে না। বিএনপি ১৫ বছর ধরে আন্দোলন করে যেখানে ছিল, সেখানেই আছে। নির্বাচনের আর তিন মাস বাকি আছে। এই তিন মাসে বিএনপি যতই আলটিমেটাম দিক,বোমাবাজির কথা বলুক,সন্ত্রাসের কথা বলুক,কিছুতেই তারা সফল হবে না।তাদের কর্মীরা হতাশায় নিমজ্জিত হবেন।
আওয়ামী লীগের সভাপতিম-লীর সদস্য ও কৃষিমন্ত্র আব্দুর রাজ্জাক প্রসঙ্গে আলুর দাম প্রসঙ্গে বলেন,গত বছর কৃৃষকরা আলুর দাম কম পাওয়ায় এ বছর আলুর উৎপাদন কিছুটা কম হয়েছে। তা ছাড়া কিছু আলু রপ্তানি করা হয়েছে। তারপরও আলুর দাম এতটা হওয়া উচিত নয়। এটি হয়েছে সিন্ডিকেটের কারণে। আমরা আলুর সিন্ডিকেট নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমিনের সভাপতিত্বে কৃষি মেলা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন,কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে অতিরিক্ত পরিচালক এস এম সোহরাব উদ্দিন,মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান,জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আহসানুল বাশার,মধুপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শরীফ আহমেদ, মহিলা ভাইস চেয়ারম্যান যষ্টিনা নকরেক প্রমুখ।