ড. মোহাম্মদ ইউনুসের আইনজীবী ব্যারিস্টার খাজা তানভীর আহমেদকে মোবাইল ফোনে হত্যার হুমকি দেয়। গতকাল দুপুর ২:০৪ ঘটিকার সময় একটি অপরিচিত নাম্বার থেকে ফোন দেয়। সে অপরিচিত নাম্বার (+880 1607-572936 ) ব্যারিস্টার খাজা ফোন রিসিভ করে 'হ্যালো' বলার সাথে সাথেই আজেবাজে গালমন্দ করতে থাকে। এভাবে কিছু সময় চলতে থাকে। প্রথমে সে অপরিচিত ব্যক্তি বিরোধী দল "জাতীয় পার্টি" সম্বন্ধে আজে বাজে কথা এবং সরকারের দালাল বলে গালিগালাজ করতে থাকে।
তার কিছু সময় পর সে ব্যক্তি একই নাম্বার থেকে আবার ফোন দিয়ে কিছু বলার আগেই ড. মোহাম্মদ ইউনুস সাহেবকে অশ্রাব্য ভাষায় গালাগালি করতে থাকে। ব্যারিস্টার খাজা এ মামলা আর পরিচালনা করলে তাকে " মেরে কুটি কুটি করে গঙ্গার জলে ভাসিয়ে দিবে " বলে হুমকি দিতে থাকে। এক পর্যায়ে সে ব্যারিস্টার খাজার মা বাবার নাম তুলে আজেবাজে কথা বলতে থাকে এবং ঢাকায় তাকে যেখানে পাবে সেখানে তাকে আক্রমণ করবে বলে হুমকি দিয়ে থাকে।
এ ব্যাপারে ব্যারিস্টার খাজার সাথে যোগাযোগ করলে তিনি জানান, "অজ্ঞাত ব্যক্তির গলার স্বর শুনে বুঝা যাচ্ছে তিনি নোয়াখালীর বাসিন্দা, যুবক এবং স্বল্প শিক্ষিত । তাকে পাশ থেকে কেউ কথা শেখিয়ে দিচ্ছিল। পাশের ব্যক্তি বয়োজ্যেষ্ঠ বলে মনে হল। সিএনজি, রিকশার হালকা শব্দ শুনা যাচ্ছিল"।
ব্যারিস্টার খাজা আরও বলেন যে, একইরকম ভাবে বিগত ০৬/০৬/২০২৩ ইং তারিখে তাকে ফোনে মেরে ফেলার হুমকি দেয়। মোবাইল নাম্বারটি হচ্ছে +880 1854-461280 । তখনও জাতীয় পার্টি এবং ড. মোহাম্মদ ইউনুস সাহেব সম্বন্ধে প্রচন্ড আজেবাজে মন্তব্য করেন। তিনি আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করলেও তারা সঠিকভাবে তদন্ত করেন নি। যার ফলে তাকে আবারও মেরে ফেলার হুমকি দেয়া হয়।
ব্যারিস্টার খাজা আহমেদ মোহাম্মদপুর থানায় একটি জিডি করেছেন এবং ডিবি অফিস এর তদন্ত করবে বলে জানা গেছে।