রবিবার, সেপ্টেম্বর ২৭, ২০২৬

দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৮ পরিবার ও ব্যবসায়ী পেলেন সরকারি সহায়তা

  • সঞ্জু বনিক সৌরভ
  • ২০২৬-০৯-২৬ ২৩:৩৪:৪৫

দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি |

পঞ্চগড়ের দেবীগঞ্জে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত আট পরিবার ও ব্যবসায়ীর মধ্যে সরকারি সহায়তা হিসেবে ঢেউটিন ও গৃহ মঞ্জুরীর চেক বিতরণ করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) দুপুরে দেবীগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এসব সহায়তা বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্তদের হাতে সহায়তা তুলে দেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ও পঞ্চগড়-২ আসনের সংসদ সদস্য ফরহাদ হোসেন আজাদ।
জানা যায়, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পাঁচ ব্যবসায়ী ও তিন পরিবারের প্রত্যেককে দুই বান করে ঢেউটিন এবং ৬ হাজার টাকা করে গৃহ মঞ্জুরীর চেক দেওয়া হয়েছে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়ে যারা ঘরবাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠানের ক্ষতির মুখে পড়েছেন, তাদের পুনর্বাসনে সরকারি সহায়তার অংশ হিসেবে এসব সামগ্রী ও অর্থ প্রদান করা হয়।
সহায়তা বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকারি সহযোগিতা পাওয়ার ক্ষেত্রে দল-মত বিবেচনা করা হবে না। যারা সহায়তা পাওয়ার যোগ্য, তাদেরই সরকারি সহযোগিতা দেওয়া হবে।
তিনি বলেন, “আমরা দলীয় সরকার নই, জনগণের সরকার। জনগণের কল্যাণে কাজ করাই আমাদের দায়িত্ব। সরকারি সহায়তা পাওয়ার ক্ষেত্রে কোনো ধরনের দলীয় পরিচয় বিবেচনা করা হবে না।”
প্রতিমন্ত্রী আরও বলেন, “আমি মনে করি, সমস্ত ভোটার আমাকে ভোট দিয়েছেন। আমাকে কে ভোট দিয়েছেন আর কে ভোট দেননি—এসব নিয়ে বিচার-বিশ্লেষণ করার মানসিকতা আমার নেই। আপনারা ভোট দিয়েছেন, আল্লাহর রহমতে প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে প্রতিমন্ত্রী বানিয়েছেন। আপনাদের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তাই সকল ভোটারকে সমানভাবে দেখার দায়িত্ব আমার।”
তিনি বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সরকার সবসময় থাকবে। প্রকৃত ক্ষতিগ্রস্তদের চিহ্নিত করে সরকারি নিয়ম অনুযায়ী পর্যায়ক্রমে প্রয়োজনীয় সহযোগিতা দেওয়ার কথাও জানান তিনি।
অনুষ্ঠানে দেবীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইন্দ্রজীৎ সাহা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি সরকার ফরিদুল ইসলাম, উপজেলা কৃষক দলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক, দেবীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলমগীর শেখসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সরকারি সহায়তা পেয়ে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবার ও ব্যবসায়ীরা সন্তোষ প্রকাশ করেন। তারা জানান, অগ্নিকাণ্ডে ক্ষতির পর নতুন করে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে ঢেউটিন ও আর্থিক সহায়তা তাদের জন্য কিছুটা হলেও সহায়ক হবে।


এ জাতীয় আরো খবর