রবিবার, সেপ্টেম্বর ২০, ২০২৬

তাহিরপুরে তিন সন্তানকে নিয়ে বিষপানের অভিযোগ,তিন শিশুর মৃত্যু

  • সুনামগঞ্জ প্রতিনিধি
  • ২০২৬-০৯-১৯ ০৯:১৪:৪৯

সুনামগঞ্জের তাহিরপুরে তিন শিশুসন্তানকে নিয়ে বিষপানের অভিযোগ উঠেছে জমসেদ আলী নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এ ঘটনায় তার তিন সন্তানের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় জমসেদকে সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার সীমান্তবর্তী রজনী লাইন গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার গভীর রাতে জমসেদ তার তিন সন্তানকে নিয়ে বিষপান করেন বলে অভিযোগ। পরে তাদের গোঙানির শব্দ শুনে প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে বাদাঘাট বাজারের ডা. হাফিজ উদ্দিন কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে চিকিৎসক তিন শিশুকে মৃত ঘোষণা করেন। জমসেদকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
স্থানীয় বাসিন্দা হারুন মিয়া জানান,জমসেদের স্ত্রী মধ্যপ্রাচ্যে থাকেন। তিন সন্তানকে নিয়ে জমসেদ বাড়িতে থাকতেন। ফোনে স্ত্রীর সঙ্গে পারিবারিক বিরোধের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে বলে স্বজনরা ধারণা করছেন। তবে এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।
বাদাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ হোসাইন মোহাম্মদ আরাফাত বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তিন শিশুকে অচেতন অবস্থায় পায়। তাদের মরদেহ তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হচ্ছে। কী কারণে এ ঘটনা ঘটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
ঘটনাটি নিয়ে পুলিশ তদন্ত করছে।

তাহিরপুর, তিন শিশুর মৃত্যু, বিষপান


এ জাতীয় আরো খবর