কোম্পানীগঞ্জ প্রতিনিধি
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অতিরিক্ত বালু বহনের দায়ে ১২টি ওভার লোডেড ট্রাকের চালককে এক লাখ দশ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শনিবার (২৯ আগস্ট) বসুরহাট- পেশকার হাট সড়কের রাস্তার মাথা এলাকায় এসকল গাড়ীকে জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো.মাসুদুর রহমান।
জানা যায়, অতিরিক্ত বালুবাহী ট্রাকের কারণে সড়কের বিভিন্ন স্থানে ব্যাপক খানাখন্দের সৃষ্টি হচ্ছে। এতে যানবাহনসহ সাধারণ মানুষের চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি দুর্ঘটনার ঘটনাও বেড়ে চলেছে। এতে ক্ষুব্ধ হয়ে শুক্রবার রাতে চরকাঁকড়া ইউনিয়ন বিএনপি নেতা গোলাম কিবরিয়া বিএসসির নেতৃত্বে বিএনপি নেতাকর্মীরা স্থানীয়দের সহযোগীতায় ১২ টি বালুবাহী ওভার লোডেড গাড়ী আটক করে। পরে স্থানীয় সংসদ সদস্য ফখরুল ইসলামের নির্দেশে ইউএনও মাসুদুর রহমান গাড়ী গুলোর মধ্যে ১২ টিকে জরিমানা করেন।
এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুর রহমান জানান, সড়ক রক্ষা এবং জনদুর্ভোগ নিরসনে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। অতিরিক্ত মালামাল বহনকারী যানবাহনের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা অব্যাহত থাকবে।