জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্য অক্ষুণ্ন রাখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, ২০২৪ সালের ৫ আগস্ট ছিল দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে চলা ফ্যাসিবাদী শাসনের অবসান এবং জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠার এক ঐতিহাসিক মুহূর্ত। এই অর্জন রক্ষায় ভবিষ্যতে কোনোভাবেই স্বৈরাচার, ফ্যাসিবাদ, চরমপন্থা কিংবা উগ্রবাদের পুনরুত্থান ঘটতে দেওয়া যাবে না।
‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ উপলক্ষে দেওয়া এক বাণীতে প্রধানমন্ত্রী বলেন,স্বাধীনতাকামী ও গণতন্ত্রে বিশ্বাসী মানুষের জন্য ৫ আগস্ট বিজয়ের দিন। ২০২৪ সালের এই দিনে ছাত্র-জনতার আন্দোলনের মুখে দীর্ঘদিনের শাসনের অবসান ঘটে এবং দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়।
তিনি বলেন, দীর্ঘ সময় ধরে ভোটাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে বিএনপিসহ বিভিন্ন রাজনৈতিক দল, ভিন্নমতের মানুষ এবং সাধারণ নাগরিক নানা ধরনের দমন-পীড়ন, গুম, হত্যা, অপহরণ, মামলা ও নির্যাতনের শিকার হয়েছেন। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকেও দীর্ঘ সময় কারাবন্দি থাকতে হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
বাণীতে প্রধানমন্ত্রী অভিযোগ করেন, সে সময় রাষ্ট্রীয় বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠান দুর্বল হয়ে পড়ে, নির্বাচন ব্যবস্থা প্রশ্নবিদ্ধ হয় এবং বিচার বিভাগসহ গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানগুলোর কার্যকারিতা ক্ষতিগ্রস্ত হয়। একই সঙ্গে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও ব্যাংকিং খাতে অনিয়ম ও দুর্নীতির বিস্তারের কথাও উল্লেখ করেন তিনি।
তিনি বলেন, ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে ছাত্র, শ্রমিক, কৃষক, সাংবাদিক, সংস্কৃতিকর্মী, নারীসহ সর্বস্তরের মানুষ অংশ নেন। আন্দোলন দমনে প্রাণহানির ঘটনাগুলোর কথা স্মরণ করে তিনি শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং আহতদের আত্মত্যাগের কথাও উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী বলেন, শহীদদের রক্তের বিনিময়ে অর্জিত জাতীয় ঐক্য দেশের সবচেয়ে বড় শক্তি। গণতান্ত্রিক সমাজে মতপার্থক্য থাকবে, তবে সেই ভিন্নমত যেন বিভেদ বা সংঘাতে রূপ না নেয়, সে বিষয়ে সবাইকে দায়িত্বশীল থাকার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, শহীদদের আত্মত্যাগের যথার্থ মর্যাদা দিতে হলে জনগণের রাজনৈতিক ও অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করতে হবে। পাশাপাশি সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায়বিচার ও গণতান্ত্রিক মূল্যবোধের ভিত্তিতে একটি আধুনিক, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে হবে।
বাণীর শেষাংশে প্রধানমন্ত্রী দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, দেশের স্বাধীনতা, গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষায় অর্জিত জাতীয় ঐক্য ভবিষ্যতেও অটুট থাকবে এবং বাংলাদেশে আর কখনো স্বৈরাচার বা ফ্যাসিবাদ প্রতিষ্ঠার সুযোগ সৃষ্টি হবে না।
জুলাই গণঅভ্যুত্থান, জাতীয় ঐক্য, গণতন্ত্র