চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের সদর উপজেলায় পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর ব্যাটারি পুড়িয়ে সীসা উৎপাদনের একটি কারখানায় ভ্রাম্যমান আদালত নিয়ে অভিযান চালিয়েছে জেলা পরিবেশ অধিদপ্তর। অভিযানে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যাতিত ব্যাটারি পুড়িয়ে সীসা তৈরী প্রক্রিয়ায় জড়িত থাকার অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে কারাদন্ড এবং বিভিন্ন অংকের অর্থদন্ড প্রধান করেন ভ্রাম্যমান আদালতের বিচারক (প্রথম শ্রেণীর ম্যাজিষ্টেট)।
ভ্রাম্যমান আদালত সূত্র জানায়,গত মঙ্গলবার (৪ আগষ্ট) রাত ৯টা থেকে রাত দেড়টা (৫ আগষ্ট,বুধবার) পর্যন্ত সল্লা ফুলতলা নামক স্থানে একটি অবৈধ কারখানায় অভিযান চালানো হয়। অভিযানে ৮ জন কে ১ থেকে ৩ মাস পর্যন্ত কারাদন্ড এবং ১০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত অর্থদন্ড করা হয়। অভিযানকালে বিদ্যূৎ বিভাগের সহায়তায় ওই কারখানার বিদ্যূৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অভিযানে সদর থানা পুলিশের দুটি টিম নিরাপত্তার দায়িত্ব পালন করে।
অভিযান শেষে বুধবার ভোররাতে ভ্রাম্যমান আদালতের বিচারক ও সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) একরামুল হক নাহিদ বলেন, বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন,১৯৯৫ এর ১৫ ধারা অনুযায়ী ৮ জনকে দন্ডিত করা হয়। অভিযানকালে জেলা পরিবেশ অধিদপ্তরের সহাকরী পরিচালক আবু সাঈদ উপস্থিত ছিলেন।দন্ডিতরা হলেন চাঁপাইনবাবগঞ্জ শহরের গনকা মহল্লার মনিরুল ইসলামের ছেলে মো.ইব্রাহীম (৩ মাসের কারাদন্ড ও ১ লক্ষ টাকা টাকা অর্থদন্ড),আলীনগর ভুতপুকুর মহল্লার মুরশেদ আলীর ছেলে মো.মাহবুব (১ মাসের কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড), গাইবান্ধার গেবিন্দগঞ্জ উপজেলার পুত্রতালি গ্রামের আব্দুল লতিফের ছেলে মোস্তাফিজুর রহমান (১ মাসের কারাদন্ড ও ১০ হাজার টাকা অর্থদন্ড), একই উপজেলার উলিপুর গ্রামের হাবিবুর রহমানের ছেলে হযরত আলী (১ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড),একই উপজেলার কুড়াদহ গ্রামের আবুল ওয়ারেশের ছেলে আরিফুল ইসলাম (১ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড),একই জেলার সাঘাটা উপজেলার বালুয়া গ্রামের এন্তাজ আলীর ছেলে আব্দুর রশিদ (১ মাসের কারাদন্ড ও ৩০ হাজার টাকা অর্থদন্ড), একই গ্রামের সাইদুর রহমানের ছেলে মো.শাকিল ( ১ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড) এবং একই গ্রামের আসাদুল ব্যাপারির ছেলে মো. জামিল (১ মাসের কারাদন্ড ও ২০ হাজার টাকা অর্থদন্ড)।