শনিবার, আগস্ট ১, ২০২৬

'রঙধনুর সাতটি প্রতিশ্রুতি'

  • এস এম আজাদ হোসেন
  • ২০২৬-০৭-৩১ ১৫:৪৩:৪৯

বন্ধুরা,পর্ব-৪৫ আজ 'বৃষ্টির পর রঙধনুর গোপন বার্তা' অধ্যায়ের সমাপ্তি। এই পর্বে রঙধনুর সাতটি রঙ হয়ে উঠবে সাতটি সবুজ অঙ্গীকার। এটি শুধু গল্পের শেষ নয়,নতুন এক জীবনের শুরুর আহ্বান।

রাহি ও অরণের সবুজ পৃথিবী
'প্রকৃতির গোয়েন্দারা'
পর্ব-৪৫:

সকালের বৃষ্টি থেমেছে অনেকক্ষণ আগে।

পুকুরের জলে নীল আকাশের ছবি ভেসে আছে।
রাহি, অরণ আর শিসু আবার সেই মাঠে এসে দাঁড়াল,যেখানে কয়েক দিন আগে তারা রঙধনুর রহস্য খুঁজতে বেরিয়েছিল।

আজ আকাশে রঙধনু নেই।
তবু তাদের মনে হচ্ছে,সাতটি রঙ যেন এখনো চারদিকে ছড়িয়ে আছে।

ঠিক তখনই বটদাদুর কণ্ঠ ভেসে এল,
-'সব রঙ চোখে দেখা যায় না। কিছু রঙ মানুষের কাজের মধ্যেও ফুটে ওঠে।'

অরণ নোটবই খুলে বলল,
-'তাহলে আজ আমরা সাতটি রঙের সাতটি প্রতিশ্রুতি লিখব।'

রাহি মাথা নাড়ল।
-'যেগুলো শুধু আমাদের নয়,সবার জন্য।'

শিসু ঘাসের ওপর বসে বড় বড় অক্ষরে লিখতে শুরু করল।
প্রথম প্রতিশ্রুতি।
'লাল'-আমি সাহস নিয়ে অন্যায়ভাবে গাছ কাটা বা প্রকৃতি নষ্ট করার বিরুদ্ধে কথা বলব।
দ্বিতীয় প্রতিশ্রুতি।
'কমলা'-আমি বছরে অন্তত একটি দেশীয় গাছ লাগাব এবং তার যত্ন নেব।
তৃতীয় প্রতিশ্রুতি।
'হলুদ'-আমি পানি, বিদ্যুৎ ও প্রাকৃতিক সম্পদ অপচয় করব না।
চতুর্থ প্রতিশ্রুতি।
'সবুজ'-আমি পাখি, প্রজাপতি, গাছপালা ও সব প্রাণীর প্রতি মমতা দেখাব।
পঞ্চম প্রতিশ্রুতি।
'নীল'-আমি গুজব বা কুসংস্কার নয়,সত্য ও বিজ্ঞানকে বিশ্বাস করব।।
ষষ্ঠ প্রতিশ্রুতি।
আসমানি'-আমি নদী,খাল,পুকুর ও জলাশয়ে কখনো ময়লা ফেলব না।
সপ্তম প্রতিশ্রুতি।
'বেগুনি'-আমি প্রতিদিন একটি ভালো কাজ করে পৃথিবীকে একটু হলেও সুন্দর করার চেষ্টা করব।

শিসু পড়ে শোনাল।
তার কণ্ঠে ছিল আনন্দ আর গর্ব।
ঠিক তখনই হালকা রোদ উঠল।
একটি ছোট্ট বৃষ্টির ফোঁটা পাতার ডগা থেকে নিচে পড়তেই সূর্যের আলোয় ক্ষণিকের জন্য রঙের ঝিলিক দেখা দিল।
রাহি মুগ্ধ হয়ে বলল,
-'দেখো! রঙধনু না থাকলেও তার রঙ আমাদের সঙ্গেই আছে।'
বটদাদু মৃদু হেসে বললেন,
-'রঙধনু আকাশে যতক্ষণ থাকে, তার চেয়েও অনেক বেশি সময় বেঁচে থাকে মানুষের ভালো কাজে।'
এমন সময় গ্রামের কয়েকজন ছোট শিশু তাদের কাছে এসে জিজ্ঞেস করল,
-'আমরাও কি এই প্রতিশ্রুতিগুলো নিতে পারি?'
অরণ হাসিমুখে বলল,
-'অবশ্যই। পৃথিবীকে সুন্দর করার কাজে যত বেশি বন্ধু হবে, তত ভালো।'
সবাই হাত বাড়িয়ে একসঙ্গে বলল,
'আমরা আমাদের সবুজ পৃথিবীকে ভালোবাসব।'

দূরে একটি দোয়েল গান গাইতে শুরু করল।
হালকা বাতাসে কাশফুল দুলে উঠল।
মনে হলো,প্রকৃতিও যেন তাদের প্রতিশ্রুতিকে আশীর্বাদ করছে।

ফিরে আসার পথে রাহি ডায়েরিতে লিখল,
'রঙধনুর আসল ঠিকানা আকাশে নয়। মানুষের ভালো কাজের মধ্যেই তার সাতটি রঙ বেঁচে থাকে।'

বটদাদুর শেষ কথাগুলো বাতাসে ভেসে রইল,
-'একটি শিশুর ভালো প্রতিজ্ঞা একদিন একটি সবুজ দেশের ভিত্তি হয়ে উঠতে পারে।'

আজকের সবুজ প্রতিজ্ঞাঃ
আজ থেকেই আমি রঙধনুর সাতটি প্রতিশ্রুতির অন্তত একটি প্রতিদিন পালন করার চেষ্টা করব এবং অন্যদেরও অনুপ্রাণিত করব।

সবুজ তথ্যঃ 
পরিবেশ রক্ষায় বড় বড় উদ্যোগ যেমন গুরুত্বপূর্ণ, তেমনি প্রতিদিনের ছোট ছোট অভ্যাসও সমান মূল্যবান। একটি গাছ লাগানো,একটি প্লাস্টিক কম ব্যবহার করা বা একটি পাখির জন্য পানির পাত্র রাখা-এসব ছোট কাজ মিলেই পৃথিবীকে আরও বাসযোগ্য করে তোলে।

বন্ধুরা,আজ একটি অধ্যায় শেষ হলো, কিন্তু আমাদের সবুজ যাত্রা নয়। পর্ব-৪৬ থেকে আমাদের এক নতুন অভিযান-'নিঃশব্দ পাহারাদার'। সেখানে রাহি,অরণ ও শিসু আবিষ্কার করবে বাদুড়ের বিস্ময়কর জগৎ। অনেকেই যাকে ভুল বোঝে,সেই প্রাণীটি কীভাবে বন,ফলের গাছ এবং প্রকৃতির ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে-সেটিই হবে নতুন রহস্য,নতুন শিক্ষা এবং নতুন অভিযান।


এ জাতীয় আরো খবর