মঙ্গলবার, নভেম্বর ১৭, ২০২৬

গোমস্তাপুরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল আরোহি ভাগ্নি নিহত,মামা আহত

  • জাকির হোসেন পিংকু,
  • ২০২৬-১১-১৭ ২২:০৬:২৮

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ট্রাকের সাথে সংঘর্ষে  ফারিয়া জান্নাত মাইশা(১১) নামে মোটরসাইকেল আরোহি এক শিশু  নিহত হয়েছে। একই ঘটনায় আহত হয়েছে মোটরসাইকেল চালক ও ফারিয়ার মামা মো. আবদুল্লাহ(২৫)। উন্নত চিকিৎসার জন্য তাঁকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয় ও পুলিশ সুত্র জানায়,মঙ্গলবার(১৭ নভেম্বর) বিকাল সোয়া ৫টার দিকে পাবর্তীপুর ইউনিয়নের দীঘা এলাকা থেকে আড্ডাগামী সড়কে ঘটনাটি ঘটে। ঘটনার পর পুলিশ ট্রাকটি (ঝিনাইদহ-ট-১১-১৪৯৭) আটক করলেও এর চালক  ও সহাকারী পালিয়ে  যায়।
নিহত ফারিয়া দিনাজপুরের কাঁকড়াবাড়ি গ্রামের ফারুক হোসেনের মেয়ে এবং  গোমস্তাপুরের দীঘা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের  তৃতীয় শ্রেনীর  শিক্ষার্থী ছিল। অপরদিকে আহত আবদুল্লাহ দীঘা গ্রামের মনিরুল ইসলামের ছেলে।   নিহত ফারিয়া দীঘা গ্রামে মায়ের সাথে নানা মনিরুল ইসলামের বাড়িতে থাকত। ঘটনার সময় মামা-ভাগ্নি মোটরসাইকেলযোগে একই ইউনিয়নের দেওপুরা এলাকায় একটি ইসলামী মাহফিল শুনতে যাচ্ছিল।
গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) নাজমুল হক বলেন,  দীঘা থেকে আড্ডাগামী সড়কে বিপরীত দিক থেকে আসা ট্রাকের সাথে পাশ থেকে সংঘর্ষে ফারিয়া সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলে মারা যায়। আহত হয় তার মামা আবদুল্লাহ। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীণ বলেও জানান ওসি।

 


এ জাতীয় আরো খবর