ডুমুরিয়া(খুলনা)প্রতিনিধি :
খুলনার ডুমুরিয়ায় বাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত ও একজন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়া উপজেলার গোলনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, সাতক্ষীরার তালা উপজেলার লক্ষ্মণপুর গ্রামের জ্ঞানেন্দ্র রায়ের ছেলে স্বপন কুমার রায় (৪৭) এবং একই গ্রামের সুবল সরকারের মেয়ে হান্না সরকার (৪৪)। এ ঘটনায় তমা রাহা নামে স্থানীয় এক তরুণী আহত হয়েছেন।
ঘটনাস্থল ও হাসপাতাল সূত্রে জানা যায়, খুলনা থেকে ছেড়ে আসা বগুড়া-জ-১১-০০৩৮ নম্বরের একটি বাসের সঙ্গে সাতক্ষীরা-হ-১৮-২৫০৩ নম্বরের একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়। গুরুতর আহত হান্না সরকারকে ডুমুরিয়া ফায়ার সার্ভিসের একটি দল উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তাঁর মৃত্যু হয়।
এদিকে, দুর্ঘটনার সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা তমা রাহা নামের এক তরুণীকে বাসটি ধাক্কা দিলে তিনিও আহত হন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।